রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

ডোনাল্ড লু ঢাকায় আসছেন

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এশিয়ার দায়িত্বপ্রাপ্ত সহকারী মন্ত্রী ডোনাল্ড লু আবারও ঢাকা সফরে আসছেন। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনার জন্য চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় আসার কথা রয়েছে তার।

মঙ্গলবার (৭ মে) দুই দেশের কূটনৈতিক সূত্রগুলো এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছে।

বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনের পর এটি মার্কিন সহকারী মন্ত্রীর প্রথম ঢাকা সফর। এর আগে গত জুলাইতে তিনি সর্বশেষ বাংলাদেশ সফর করেন। গত ৭ জানুয়ারির নির্বাচনের পর লুর এই সফরকে ঘিরে আলোচনা শুরু হয়ে গেছে কূটনৈতিক অঙ্গনে।

নানা কারণে সাউথ এশিয়ায় আলোচিত ডোনাল্ড লু’র ঢাকায় এটি হবে ৪র্থ সফর। একটি বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিতে বাংলাদেশের জন্য স্বতন্ত্র মার্কিন ভিসা নীতি ঘোষণাসহ নানামুখি তৎপরতার পার্ট হিসেবে গত জুলাইতে তিনি সর্বশেষ বাংলাদেশ সফর করেন। সেই সময় যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সঙ্গী হয়ে এসেছিলেন তিনি। ভোটপূর্ব রাজনৈতিক মাঠের বাড়তি উত্তাপের কারণে উজরা জেয়া ও ডোনাল্ড লু’র যুগল সফরটি দেশ ও দেশের বাইরে বেশ আলোচনায় ছিলো। উজরা জেয়া ও ডোনাল্ড লু সেদিন সরকারের সর্বোচ্চ পর্যায়ের সাক্ষাৎ পেয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com