শনিবার, ০৬ Jun ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: বর্ষার শুরুতেই মশার উপদ্রব ও ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে ঢাকার নবাবগঞ্জে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি পালন করা হয়েছে। সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের মূল চাবিকাঠি এই বার্তা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনা সভা।
শনিবার (৬ জুন) দুপুরে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এতে অংশ নেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এসএম সাখাওয়াত হোসেন, মেডিকেল আবাসিক অফিসার. শামসুল ইসলাম, ডা. হরগোবিন্দ সরকার অনুপ, ডা. মেজবাহ উদ্দিনসহ স্থানীয় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। শোভাযাত্রা চলাকালীন সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধের লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এসএম সাখাওয়াত হোসেন বলেন, ফুলের টব, ডাবের খোসা বা টায়ারে যেন কোনোভাবেই তিন দিনের বেশি পানি জমে না থাকে। কেবল প্রশাসনের একার পক্ষে ডেঙ্গু নির্মূল করা সম্ভব নয়। প্রতিটি পরিবার নিজের বাড়ি ও চারপাশ পরিচ্ছন্ন রাখলেই কেবল এই রোগ থেকে সুরক্ষিত থাকা সম্ভব।