শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

ডামুড্যায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে জখম ৬, বসতঘরে অগ্নিসংযোগ

মোঃ নাসির খান, শরীয়তপুর প্রতিনিধি ॥
শরীয়তপুরের ডামুড্যায় রাজনৈতিক বিরোধের জেরে আওয়ামী লীগ ও বিএনপির দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ৬ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ধানকাঠি ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার বিবরণ ও হামলার অভিযোগ
আহতরা হলেন- মালেক খান (৪০), নজরুল সরদার (২২), রমজান সরদার (৩৫), সামছুল সরদার (২৮), আলমগীর সরদার (৩২) ও মহাসিন সরদার (২৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার শাওন ও মালেক খানের পক্ষের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ ছিল। ৫ আগস্টের পটপরিবর্তনের পর শাওন ও তার লোকজন এলাকাছাড়া থাকলেও এবারের ঈদে তারা এলাকায় ফেরেন। অভিযোগ উঠেছে, বিরোধ মীমাংসার কথা বলে মালেক খানসহ কয়েকজনকে শাওনের বাড়িতে ডেকে নেওয়া হয়। এরপর সেখানে আগে থেকে ওঁত পেতে থাকা শাওন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং কুপিয়ে জখম করে।

উদ্ধার ও চিকিৎসা
হামলার সময় ঘটনাস্থল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি লাইভ ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

গণপিটুনি ও অগ্নিসংযোগ
হামলার ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শাওনের বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং রিফাত নামে অন্য একজনের বাড়ি ভাঙচুর করে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শৃঙ্খলা ফেরাতে পুলিশ ও সেনাবাহিনী টহল দিচ্ছে।

পুলিশের বক্তব্য
ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, “খবর পাওয়া মাত্রই পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতেও অভিযান চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com