বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
মুজিবুর রহমান, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম : ঢাকার রাজধানীতে এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ২৯ জুলাই আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ১৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেবেছে অস্ট্রেলিয়া।
জিম্বাবুইয়ে সফরে থাকা বাংলাদেশ ক্রিকেট দল আজ বৃহস্পতিবার ২৯ জুলাই সকালে দেশে ফিরেছে।
প্রায় চার বছর পর আবার বাংলাদেশের মাটিতে পা রাখলো অস্ট্রেলিয়ানরা। এবার অবশ্য শুধু ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
বিমান থেকে নেমেই উভয় দল ৩ দিনের কোয়ারেন্টাইনে বন্দী হয়েছে রাজধানী ঢাকার এক পাঁচ তারকা হোটেলে। দু’দল ১ আগস্ট অনুশীলন শুরু করবে, মাত্র দু’দিনের অনুশীলন শেষে ৫ ম্যাচের টি২০ সিরিজ শুরু। ম্যাচগুলো ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় মাঠে গড়ানোর কথা।
৪ বছর পর বাংলাদেশে এসেছে অসিরা নিয়মিত ও অপরিহার্য বেশ কয়েকজন ক্রিকেটারকে ছাড়াই। বাংলাদেশ দলেও নেই নিয়মিত ও অপরিহার্য কয়েকজন। তাই প্রথমবার দ্বিপাক্ষিক টি২০ সিরিজে উভয় দলের জন্যই আছে চ্যালেঞ্জ। ক্রিকেটীয় এই চ্যালেঞ্জের বাইরেও আছে কঠোর স্বাস্থ্যবিধির বেড়াজালে আটকা থেকে পুরো সিরিজ খেলার কঠিন পরীক্ষা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) দেয়া করোনা প্রটোকলের প্রস্তাবনাগুলো মেনে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৫ ম্যাচের টি২০ সিরিজ আয়োজন করছে। করোনাভাইরাসের শঙ্কা যেন মাথাচাড়া না দিতে পারে সেজন্য বেশ কড়াকড়ি করেই নিñিদ্র এক জৈব সুরক্ষা বলয় গড়া হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে পূর্বসূচী অনুসারে বৃহস্পতিবার বিকেলেই বাংলাদেশে পা রাখে অসিরা। অধিনায়ক ফিঞ্চ এবং আগেই নাম প্রত্যাহার করে নেয়া স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েলদের ছাড়া টি২০ সিরিজ ৪-১ ব্যবধানে হেরেছে তারা।
এদের ছাড়াই ২০১৭ সালের পর আবার বাংলাদেশে এসেছে অসিরা। সিএ’র প্রস্তাবনা মেনে বিসিবি ব্যবস্থা করেছে যাতে অসিদের বিমানবন্দরে নেমে ইমিগ্রেশন প্রক্রিয়ায় সময় ক্ষেপণ না হয়। তাই বিমান থেকে নেমে সরাসরি হোটেলে গেছে তারা।
অবশ্য ইমিগ্রেশন প্রক্রিয়ার জন্য পাসপোর্টগুলো দেয়া হয়নি, ৩ দিন পর সেটি অসিদের ফেরত দেবে বিমানবন্দর কর্তৃপক্ষ। ক্রিকেটারদের আশেপাশে কেউ ভিড়তে পারেনি, বিশেষ বাসে করে সরাসরি হোটেলে গেছেন তারা।
অসিরা হোটেলে প্রবেশের পর সেটি হয়ে গেছে সব মানুষের জন্য অবরুদ্ধ। আর কেউ আসতে বা বেরোতে পারবেন না। সকালে একই হোটেলে কোয়ারেন্টাইনে প্রবেশ করা বাংলাদেশ দলের ক্ষেত্রেও একই প্রটোকল। জৈব সুরক্ষা বলয়ের বাইরে যেতে পারবেন না দু’দলের কোন ক্রিকেটার, কোচ, সাপোর্টিং স্টাফ এবং ম্যাচ অফিসিয়াল, আম্পায়ার, ম্যাচ রেফারি, ধারাভাষ্যকার, গ্রাউন্ডসম্যান ও সিরিজের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উভয় দল শুধু ১ ও ২ আগস্ট মাঠে অনুশীলন করতে যাবে। জৈব সুরক্ষা বলয়ে থাকা টিম বাসের কর্মকর্তারা তাদের নিয়ে যাবেন এবং অনুশীলনের সার্বিক ব্যবস্থা করে দিয়ে গ্রাউন্ডসম্যানসহ বাকিরা বাইরে চলে যাবেন। অনুশীলনে ক্রিকেটার, কোচ ও সাপোর্টিং স্টাফ ব্যতীত আর কেউ মাঠে থাকতে পারবে না। অনুশীলন শেষে দল মাঠ ত্যাগ করলে আবার কাজ করবেন গ্রাউন্ডসম্যানরা।
একই প্রক্রিয়ায় ম্যাচগুলোও অনুষ্ঠিত হবে। ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়াল ব্যতীত কেউ মাঠে ঢুকবেন না। গ্রাউন্ডসম্যানরা ম্যাচ শুরুর ১ ঘণ্টা আগে উইকেট প্রস্তুত করে বাইরে যাবেন, বিরতিতে বা বৃষ্টি নামলে ক্রিকেটাররা ড্রেসিং রুমে ফিরলে তারা মাঠে ঢুকবেন। মাঠে থাকবে না টিভি ক্যামেরা, ক্রু ও ফটোগ্রাফার। চার বিশ্বকাপে ৪ বার টি২০ ম্যাচে মুখোমুখি হলেও এবার এমন কঠিন পরিস্থিতিতে দু’দল টি২০ সিরিজ খেলতে নামবে।
অধিনায়ক অ্যারোন ফিঞ্চ শেষ মুহূর্তে আহত হওয়ার পর এখন পর্যন্ত বাংলাদেশ সফরে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। জানা গেছে, ঢাকায় পৌঁছার পর তারা বাংলাদেশের বিপক্ষে সিরিজে অধিনায়কের নাম ঘোষণা করবে।
অস্ট্রেলিয়া দল : এ্যাস্টন অ্যাগার, ওয়েস এ্যাগার, জেসন বেরেনডর্ফ, এ্যালেক্স ক্যারে, ড্যান ক্রিশ্চিয়ান, জশ হ্যাজেলউড, মইসেস হেনরিক্স, মিচেল মার্শ, বেন মাকডারমট, রিলে মেরেডিথ, জশ ফিলিপ, মিচেল স্টার্ক, মিচেল সুয়েপসন, এ্যাস্টন টার্নার, এ্যান্ডু টায়ে, ম্যাথু ওয়েড, এ্যাডাম জাম্পা।