শনিবার, ২৩ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

ঝিনাইদহে ভুয়া মানবাধিকার কর্মী আটক, ওয়াকিটকি ও ভুয়া আইডি উদ্ধার

ঝিনাইদহে ভুয়া মানবাধিকার কর্মী আটক, ওয়াকিটকি ও ভুয়া আইডি উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি ঃ

মানবাধিকার সংস্থার নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণা, ভুয়া পরিচয়ে প্রভাব বিস্তার এবং সাধারণ মানুষের সঙ্গে জালিয়াতির অভিযোগে ঝিনাইদহে কাজী মাহমুদুল হাসান নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, আটকের সময় তার কাছ থেকে তিনটি লাইসেন্স বিহীন ওয়াকিটকি, একাধিক ভুয়া পরিচয়পত্র এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে “আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা” এবং *Centre for Enforcement of Human Rights and Legal Aid (CEHRLA)*-এর চেয়ারম্যান পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। এছাড়া তিনি “বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা”-র পরিচয়ও ব্যবহার করতেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, সংস্থার নামে সদস্য কার্ড বিক্রি, ভুয়া কমিটি গঠন এবং প্রশাসনিক পরিচয়ের অপব্যবহারের উদ্দেশ্যে তিনি বিভিন্ন এলাকায় সক্রিয় ছিলেন। সম্প্রতি এসব কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তিনি ঝিনাইদহে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার রাত প্রায় ৯টার দিকে ঝিনাইদহ সদর এলাকায় তার সন্দেহজনক চলাফেরা ও কার্যক্রম দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এদিকে ভুক্তভোগীদের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে CEHRLA-এর নাম, সরকারি নিবন্ধন নম্বর, লোগো, ব্যানার ও পরিচয়পত্র জাল করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে।

অভিযোগকারীদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জের তাহিরপুরের আমিত তালুকদার ও মাহমুদুল হাসান, ঝিনাইদহের মো. জুসেল এবং কয়রাবাদের মাহবুবুল আলম সজল। তাদের কেউ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন, আবার কেউ সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে।

ভুক্তভোগীদের দাবি, বিভিন্ন জেলায় অভিযোগ দেওয়ার পরও তারা কার্যকর প্রতিকার পাননি। উল্টো অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি ও চাপের মুখে পড়তে হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com