শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

জে-৩০ টেনিসে ফাইনালের মঞ্চ প্রস্তুত, শিরোপার লড়াইয়ে উঠতি তারকারা

জে-৩০ টেনিসে ফাইনালের মঞ্চ প্রস্তুত, শিরোপার লড়াইয়ে উঠতি তারকারা

স্পোর্টস রিপোর্টাস ঃ রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে সেমিফাইনালের উত্তেজনা পেরিয়ে শিরোপার চূড়ান্ত লড়াইয়ের মঞ্চ প্রস্তুত। ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে শুক্রবারের লড়াই শেষে ফাইনালে জায়গা করে নিয়েছেন প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়েরা। আগামীকাল শনিবার শেষ দিনের ম্যাচে নির্ধারিত হবে কাঙ্ক্ষিত শিরোপার ভাগ্য।

আজ কোর্ট ১ থেকে কোর্ট ৪ – সব কটি কোর্টেই দেখা গেছে টানটান উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ। বালক এককের সেমিফাইনালে থাইল্যান্ডের শীর্ষ বাছাই ত্রি শ্রীসেন সহজ জয় পেয়ে ফাইনাল নিশ্চিত করেছেন। তিনি চাইনিজ তাইপের জিচে চেনকে ৬-২, ৬-৪ গেমে পরাজিত করেন। অপর সেমিফাইনালে থাইল্যান্ডের প্যাচারাফল লিকুল দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে জয় তুলে নেন। তিনি চাইনিজ তাইপের ইয়েন-চিয়া সেং-কে ০-৬, ৭-৫, ৬-২ গেমে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেন।

এদিকে বালক দ্বৈতের ফাইনালে ভারতের সক্ষ্ম ভানসালী ও শ্লোক চৌহান জুটিকে পাত্তাই দেয়নি থাইল্যান্ডের শীর্ষ বাছাই প্যাচারাফল লিকুল ও ত্রি শ্রীসেন জুটি। থাই জুটি ৬-৩, ৬-২ গেমে জয়ী হয়ে শিরোপা নিজেদের করে নেয়।

বালিকা এককের সেমিফাইনালে শ্রীলঙ্কার দ্বিতীয় বাছাই ইউহানসা পিরিস তীব্র লড়াইয়ের পর চীনের জিরু ইয়াংকে ১-৬, ৬-৪, ৭-৬ গেমে হারিয়ে ফাইনালে উন্নীত হন। অপর সেমিফাইনালে চীনের জিমো সং প্রথম সেট হেরে ঘুরে দাঁড়িয়ে থাইল্যান্ডের পারামি তাদকায়েভকে ৪-৬, ৭-৬, ৬-৩ গেমে পরাজিত করেন।

অন্যদিকে, বালিকা দ্বৈতের ফাইনালে চীনের ঝেনক্সি ডং ও শুয়াং জু জুটি কোরিয়ার হাইজু কোয়েন ও ভারতের শাজফা ওয়ানিয়া জুটিকে ৭-৬, ৬-১ গেমে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আগামীকাল প্রতিযোগিতার শেষ দিনে জমজমাট ফাইনাল ম্যাচগুলোর মধ্য দিয়ে পর্দা নামবে এই আন্তর্জাতিক টেনিস আসরের।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com