সোমবার, ২২ Jun ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

জিয়া চ্যারিটেবল মামলায় খালেদার জামিনের মেয়াদ বাড়ল

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ সোমবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরা দেওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খালেদা জিয়া অসুস্থতাজনিত কারণে আনফিট, তাই তাঁকে আদালতে হাজির করা হয়নি। কারা কর্তৃপক্ষ আদালতে এই প্রতিবেদন দিয়েছে।’

এদিকে, খালেদা জিয়া আদালতে উপস্থিত হতে না পারলেও তাঁর পক্ষে আইনজীবীদের করা প্রডাকশন ওয়ারেন্ট প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেছেন আদালত। একই সাথে এ মামলায় খালেদা জিয়ার জামিন বাড়ানোর আবেদনের প্রেক্ষিতে আগামী ২৮ জুন পর্যন্ত তাঁর জামিন আবেদন মঞ্জুর করা হয়।

সোমবার রাজধানীর বকশিবাজারে অবস্থিত ঢাকার ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ আদেশ দেন। মামলার আরেক আসামি জিয়াউল ইসলাম মুন্না চিকিৎসা ও ওমরাহ হজ পালনের জন্য এক মাসের সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১২ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুন-অর-রশীদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৪ সালের ১৯ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com