বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলার চরাঞ্চলে বেগুনের ক্ষেতজুড়ে এখন সবুজের সমারোহ। অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের পরামর্শে এ বছর ভালো ফলনের আশা করছেন কৃষকেরা। ফলন ভালো হলে এবং বাজারে ন্যায্য দাম মিললে তাদের আয় বাড়বে বলে প্রত্যাশা।
স্থানীয় কৃষকেরা বেগুন গাছকে ‘টাকার গাছ’ বলে থাকেন। তাঁদের ভাষায়, বেগুনের ফলন ও দাম ভালো হলে এই ফসল থেকে উল্লেখযোগ্য আয় হয়। কাঁসা, বেগুন ও গুড় এই তিনটি পণ্যের জন্য পরিচিত ইসলামপুর। এ অঞ্চলের বেগুন স্বাদ ও পুষ্টিগুণের জন্য সারা দেশে সমাদৃত।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ইসলামপুরে বারি-১ জাতের বেগুন বেশি চাষ হয়। চলতি মৌসুমে উপজেলায় প্রায় ১ হাজার ৫৫০ হেক্টর জমিতে বেগুনের আবাদ হয়েছে। প্রতি একরে অন্তত ১৫ মেট্রিক টন ফলনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর বাম্পার ফলন হতে পারে বলে আশা করছে কৃষি বিভাগ।
লক্ষ্মীপুর গ্রামের কৃষক হাছেন আলী বলেন, এ বছর বন্যা ও বৃষ্টি কম হওয়ায় বেগুনের ক্ষেত ভালো হয়েছে। পোড়ার চর গ্রামের চাষি হুসেন আলী জানান, এলাকার মানুষ বেগুনের ক্ষেতকে ‘টাকার ক্ষেত’ আর বেগুন গাছকে ‘টাকার গাছ’ বলেন।
কৃষক হারুন সরকার বলেন, গাছের অবস্থা দেখে ভালো ফলনের আশা করছেন তিনি। তবে উৎপাদন খরচের তুলনায় ন্যায্য দাম পেলে তাঁদের পরিশ্রম সার্থক হবে। বেগুন বিক্রির আয় দিয়ে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি কৃষিকাজেও বিনিয়োগ করা যাবে।
ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, ব্রহ্মপুত্রের চরাঞ্চলের মাটি বেগুন চাষের উপযোগী হওয়ায় কৃষকেরা এ লাভজনক ফসল চাষে আগ্রহী হচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ভালো উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। এতে কৃষকেরা লাভবান হওয়ার পাশাপাশি স্থানীয় কৃষি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।