বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

আইনশৃঙ্খলা বাহিনীতে রাজনৈতিক যোগসূত্রের অভিযোগ, নজরদারিতে সংশ্লিষ্টরা: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা বাহিনীতে রাজনৈতিক যোগসূত্রের অভিযোগ, নজরদারিতে সংশ্লিষ্টরা: স্বরাষ্ট্রমন্ত্রী ছবি সংগৃহীত

একুশের কন্ঠ অনলাইন ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্রে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা বা সদস্য যুক্ত থাকতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিষয়টি সরকারের নজরদারিতে রয়েছে। যাঁদের সংশ্লিষ্টতা শনাক্ত হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে রয়েছেন; তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছে।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে বাড়তি সতর্কতা প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত দায়িত্ব পালন করবে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য কর্মসূচি মোকাবিলা করবে। এ ধরনের ঘোষণায় সরকার নতুন করে উদ্বিগ্ন নয় বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে। তাঁর দাবি, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে গণহত্যার পর দলটির রাজনৈতিক স্বীকৃতি নেই। তিনি নাৎসি বাহিনীর উদাহরণ টেনে বলেন, ইতিহাসে এমন গোষ্ঠী রাজনীতিতে ফিরতে পারেনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com