বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : দোহার-নবাবগঞ্জের সংসদ সদস্য আবু আশফাক খন্দকার বলেছেন, সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। গ্রামের সাধারণ মানুষ যেন চিকিৎসাসেবা নিতে শহরে যেতে বাধ্য না হন, সে লক্ষ্যেই সরকারি স্বাস্থ্যসেবার অবকাঠামো ও সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে। একই সঙ্গে চিকিৎসকদের নিজ নিজ কর্মস্থলে অবস্থান করে দায়িত্ব পালনের বিষয়টি নিশ্চিত করতে হবে।
বুধবার (২৫ নভেম্বর) নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নার্সদের জন্য ১২তলাবিশিষ্ট আবাসিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি বিভিন্ন সড়ক উন্নয়ন, ড্রেন নির্মাণ এবং স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সকাল ১১টায় নবাবগঞ্জ উপজেলার চূড়াইন ইউনিয়নের মুসলিমহাটি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন সংসদ সদস্য। এরপর আগলা ইউনিয়নের কালুহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কের ডিভাইডার স্থাপন কার্যক্রমে অংশ নেন। দুপুর ১২টায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও নার্সদের আবাসিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
এ সময় আবু আশফাক খন্দকার বলেন, দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষ যাতে বিনামূল্যে ও স্বল্প খরচে মানসম্মত স্বাস্থ্যসেবা পান, সে লক্ষ্যে সরকারি হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত প্রচেষ্টায় সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে। চিকিৎসার জন্য এলাকার মানুষকে যেন দূর-দূরান্তে ছুটতে না হয়, সেটিই আমাদের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে স্বাস্থ্য খাতের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার আলোকে সারাদেশের মতো নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকেও দ্রুত ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে।
চিকিৎসকদের কর্মস্থলে অবস্থান প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, বিগত সময়ে অনেক চিকিৎসক কর্মস্থলে না থেকে ঢাকা যাতায়াত করে দায়িত্ব পালন করেছেন। এতে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে। আবাসিক ভবন নির্মাণের পর কোনো অজুহাত না দেখিয়ে চিকিৎসকদের কর্মস্থলে থেকেই দায়িত্ব পালন করতে হবে। দায়িত্বে ফাঁকি দেওয়ার সুযোগ থাকবে না।
পরে দুপুর সাড়ে ১২টায় মাঝিকান্দা ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি। এরপর দোহারের চরলটাখোলা সড়কের উন্নয়নকাজের উদ্বোধন এবং নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যক্তিগত উদ্যোগে রোগীদের জন্য অতিরিক্ত বেডসেট হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন খন্দকার, দোহারের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রবিউল ইসলাম, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফ, বিএনপি নেতা ওয়াহিদ মিয়া, মিজানুর রহমান, তুষার আহমেদ, মহসীন হাসান লিটু, সাবেক ছাত্রনেতা আজহার উদ্দিন, তপন মোল্লা, সাবেক ভিপি মহসীন রহমান আকবর, নবাবগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাহিন ইসলাম, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নিরব, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসতিয়াক চৌধুরীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
অন্যদিকে দোহারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ঢাকা জেলা যুবদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি আবুল হাশেম বেপারি, সেন্টু ভূঁইয়া, হায়দার আলী হিরু, নারী নেত্রী শম্পা আক্তার, ছাত্রদল নেতা সৌমিক ভূঁইয়া, মেহেদী হাসান ও সবুজ আলী প্রমুখ।