শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
ই-কণ্ঠ অনলাইন:: মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই মেয়ে জেসমিন মালিকা ও লাইলা লিনা মা ডা: এরিকো নাকানোর সাথেই থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে তাদের বাবা সুবিধাজনক সময়ে শিশুদের সাথে দেখা করতে পারবেন।
রোববার (১৩ ফেব্রুয়ারী) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। একই সাথে পারিবারিক আদালতে করা মামলাটি তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন।
আদালতে মায়ের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি ও অ্যাডভোকেট আহসানুল করীম। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
আর বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফিদা এম কামাল, আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ ও অনীক আর হক। তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার মারুফুল ইসলাম।
এর আগে গত সোমবার (৭ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ রায়ের জন্য আজকের দিন ধার্য করেন।
গত বছরের ৫ ডিসেম্বর দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিজের জিম্মায় নিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন জাপানি মা নাকানো এরিকো। এর আগে ২১ নভেম্বর দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা বাংলাদেশে তাদের বাবা ইমরান শরীফের কাছে থাকবে বলে রায় দেন হাইকোর্ট।