শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের আর নেই

বিনোদন ডেস্কঃ মারা গেছেন জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি এ তথ্য নিশ্চিত করেছেন। ‘কোথাও কেউ নেই’ নাটকের বদি চরিত্রের এই অভিনেতা প্যানক্রিয়াসের (অগ্ন্যাশয়) ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

গতকাল শুক্রবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। এর আগে ক্যান্সার আক্রান্ত অভিনেতা আব্দুল কাদের ভারতের চেন্নাইয়ে চিকিৎসা শেষে দেশে ফেরার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় । এরপর তার করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।

তবে আব্দুল কাদেরের করোনায় আক্রান্ত হওয়ার সংবাদ প্রসঙ্গে জেমী বলেন, ‘এটা ভুল তথ্য। তিনি করোনায় আক্রান্ত নন। ক্যান্সারের ইনফেকশনের কারণে তার লালা পরীক্ষার সময় করোনার সঙ্গে অনেক সাদৃশ্য পাওয়া গিয়েছিল। এতে চিকিৎসকরা মনে করেছিলেন তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।’

আব্দুল কাদের ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। ‘নক্ষত্রের রাত’ নাটকে দুলাভাই চরিত্রে প্রশংসিত হয়েছেন। ‘রং নাম্বার’সহ বেশ কিছু সিনেমাতে অভিনয় করেছেন তিনি।

আব্দুল কাদের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নিয়মিত শিল্পী ছিলেন। ছোটপর্দা, বিজ্ঞাপন এবং বড়পর্দা- তিন মাধ্যমেই সমান জনপ্রিয় তিনি। তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে পায়ের আওয়াজ পাওয়া যায়, এখনো ক্রীতদাস, তোমরাই, স্পর্ধা, দুই বোন, মেরাজ ফকিরের মা ইত্যাদি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com