রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: জাতীয় নির্বাচনের পর ইতোমধ্যে উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি। তবে উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে করার ঘোষণা দিয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর বিএনপির উদ্দেশে বলেছেন, ‘আপনাদের জনপ্রিয়তা থাকলে নির্বাচনে আসুন। আপনাদের প্রার্থীদের জয়ী করুন, আমরা নিশ্চয়তা দিচ্ছি সুষ্ঠু নির্বাচন হবে।’
বুধবার (৭ ফেব্রুয়ারী) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন ইসি আলমগীর।
সংসদ নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচন ভালো হবে জানিয়ে ইসি আলমগীর বলেন, ‘জাতীয় নির্বাচন যেভাবে করেছি উপজেলা নির্বাচন তার চেয়ে ভালোভাবে করব। কারণ জাতীয় নির্বাচন একসঙ্গে ৩০০ আসনে ভোট করতে হয়েছে, এতে একদিনে আমাদের ৩০০ জায়গায় এফোর্ট দিতে হয়েছে। আর উপজেলা নির্বাচন আমরা ৪ ধাপে করব। এতে প্রতি ধাপে ১০০ বা এর কাছাকাছি ভোট হবে। সেক্ষেত্রে আমাদের এফোর্ট অনেক বেশি দিতে পারব। এজন্য এই নির্বাচন আশা করি সুষ্ঠু হবে।’
চার ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। যার প্রথম ধাপের ভোটগ্রহণ হবে ৪ মে।
ইসি আলমগীর আরও বলেন, ‘ইতিহাস বলে স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বেশি হয়। স্থানীয় পর্যায়ে অনেক প্রার্থী থাকে, যার কারণে ভোটের মাঠে অটোমেটিক ব্যালেন্স তৈরি হয়। সেখানে এফোর্ট দিলে সুষ্ঠু ভোট হবে বলে আমরা মনে করি।’
‘একটা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন যাতে হয় সে চেষ্টা আমরা করব। কে আসবে কে আসবে না এটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত। তবে আমরা আশা করি যারা যোগ্য প্রার্থী, যাদের জনসমর্থন রয়েছে তারা নির্বাচন অংশগ্রহণ করলে আমরা নির্বাচনটাকে আরও ভালোভাবে অনুষ্ঠিত করতে পারব।’
‘আপনি বলছেন যাদের জনসমর্থন আছে তারা ভোটে আসবে। তাহলে বিএনপির কি কোনো জনসমর্থন নেই? এ কারণে তারা ভোটে আসে না?’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, ‘সেটা তারাই ভালো বলতে পারবে। আমাদের আহ্বান হলো যাদের জনসমর্থন আছে বলে মনে করেন তারা নির্বাচনে অংশ নেবেন।’
জাতীয় নির্বাচন হলো। তারা এলেঅ না আপনাদের ওপর তাদের আস্থা নেই। এতে কি অতৃপ্তি লাগে না? এমন প্রশ্নে ইসি আলমগীর বলেন, ‘সেই অধিকার তো তাদের আছেই। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কী সিদ্ধান্ত নেবেন সেটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে নির্বাচন কমিশনের কোনো হাত নেই। আমাদের আয়োজন থাকে সবার জন্য কিন্তু কে সাড়া দেবেন কে দেবেন না সেটা আমরা নির্ধারণ করতে পারি না।’
আচরণ বিধিমালা সংশোধন করতে যাওয়া প্রসঙ্গে ইসি আলমগীর বলেন, ‘আমরা আসলে কোনো আইন সংশোধন করতে চাইনি। আচরণ বিধিমালায় কিছু কিছু জায়গায় অসংগতি আছে, কিছু অস্পষ্ট আছে এগুলো ইসি সচিবালয় ফিডব্যাক পেয়েছে, সেই ফিডব্যাকের পর এগুলো পরীক্ষা করতে বলা হয়েছে।’