শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

চা বাগানের শ্রমিকরা ভাসমান অবস্থায় থাকবে না : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চা বাগানের শ্রমিকরা ভাসমান অবস্থায় থাকবে না । তাদের ভালো রাখার সব ব্যবস্থা নেবে সরকার । তাদের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করা হবে ।

মঙ্গলবার (৪ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন সরকারপ্রধান ।

শেখ হাসিনা বলেন, এখন আমাদের চা চাষ বিভিন্ন এলাকায় চলে গেছে । যেখানে আমাদের সামান্য চা উৎপাদন হতো, সেখানে চা উৎপাদন এবং গ্রহণও বেড়েছে ।

তিনি বলেন, উত্তরাঞ্চল চায়ের যে সম্ভাবনা দেখা দিয়েছে সেটাকে সম্প্রসারণ করা, যত্ন করা, কীভাবে আরো চা উৎপাদন বাড়ান যায় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা । এ ছাড়া চা বোর্ড, ক্ষুদ্র চাষিদের প্রযুক্তি সহায়তা, প্রণোদনা, সবদিক থেকে সরকার সহায়তা দিয়ে যাচ্ছে । পঞ্চগড়ের পাশাপাশি লালমনিরহাটেও চা বোর্ডের স্থায়ী অফিস নির্মাণ করা হয়েছে । আওয়ামী লীগের উদ্যোগের ফলেই উত্তরাঞ্চলে চা বাগানের সংখ্যা বাড়ছে । চা শিল্পকে আরও গুরুত্ব দেওয়া হয়েছে ।

চা দেশের মানুষের আর্থিক সচ্ছলতা এনে দিতে সহায়তা করছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, আমাদের চা চাষ বিভিন্ন এলাকায় চলে গেছে । যেখানে আমাদের সামান্য চা উৎপাদন হতো, সেখানে চা উৎপাদন এবং গ্রহণও বেড়েছে । পঞ্চগড়ে আঙ্গিনায়ও চা হচ্ছে, তারা তরকারিও ফলায়, চায়ের গাছও লাগায় । চা আমাদের অর্থকরী ফসল হচ্ছে , যেটা দেশের মানুষের আর্থিক সচ্ছলতা এনে দিতে সহায়তা করছে ।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে কাজ করেছিলেন যা শ্রমিকরা এখনও ভোলেননি ।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি টিপু মুনশি, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম প্রমুখ ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com