রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

চলছে উপজেলা ভোটের কর্মযজ্ঞ

মিরন খন্দকার॥
সংসদ নির্বাচনের চার মাসের মাথায় অনুষ্ঠিত হচ্ছে উপজেলা নির্বাচন। এ নির্বাচন অনুষ্ঠানের কর্মযজ্ঞ চলছে নির্বাচন কমিশনে। ইতোমধ্যে দুই ধাপের ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। এবারে দেশের ৪৮১টি উপজেলা পরিষদ চার ধাপে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে সাংবিধানিক এই সংস্থাটি। প্রথম ধাপের মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ এপ্রিল; ইতোমধ্যে অনেক প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র দাখিল বিষয়ে খোঁজখবর দিচ্ছেন। এদিকে নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্রের তালিকা প্রস্তুত করেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। নির্বাচনের বিষয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিচ্ছে নির্বাচন কমিশন। উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করবেন এমন কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম ঈদের পরে ২০ এপ্রিলের পর শুরু হবে।

এদিকে প্রথম ধাপে দেশের ১৫২টি উপজেলা পরিষদে ভোট গ্রহণ হবে ৮ মে। দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলা পরিষদে ভোট গ্রহণ হবে ২১ মে। এ ছাড়া তৃতীয় ধাপে ২৯ মে ১১১ উপজেলায় এবং চতুর্থ ধাপে ৫ জুন ৫২টি নির্বাচন হওয়ার কথা রয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে। ইসির একজন কর্মকর্তা বলছেন, তফসিল ঘোষণার সময় কোন উপজেলায় ইভিএম এবং কোন উপজেলায় ব্যালট পেপারে ভোট গ্রহণ হবে সেই তালিকা প্রকাশ করা হচ্ছে। তবে যেখানেই ব্যালটে ভোট হবে, সেই উপজেলার ভোট কেন্দ্রে সকালে যাবে ব্যালট পেপার। দেশে ৪৯৫টি উপজেলা পরিষদ রয়েছে।

প্রথম ধাপে দেশের ১৫২টি উপজেলা পরিষদে ভোট গ্রহণ হবে ৮ মে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ হবে। এক্ষেত্রে ২২ উপজেলায় ভোট হবে ইভিএমে; বাকি ১৩০টি উপজেলায় ব্যালট পেপারে ভোট গ্রহণ করবে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ এপ্রিল, বাছাই ১৭ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ এপ্রিল এবং ভোট গ্রহণ হবে ৮ মে। দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলা পরিষদে ভোট গ্রহণ হবে ২১ মে। দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ২১ এপ্রিল শেষ সময়, মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, আপিল ২৪-২৬ এপ্রিল ২৭ থেকে ২৯ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে। আর ভোট গ্রহণ হবে ২১ মে। দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলায় ভোট হবে। নয়টি জেলায় ইভিএমে ভোট হবে।

উপজেলা পরিষদ নির্বাচনের ভোট কেন্দ্রের তালিকা প্রস্তুত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম নির্দেশনাটি জেলা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে আগামী ৮ মে অনুষ্ঠেয় প্রথম ধাপের উপজেলা সমূহের ভোট কেন্দ্রের তালিকা সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর জন্য সংশ্লিষ্ট সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা/জেলা নির্বাচন কর্মকর্তাকে অনুরোধ করা হলো। এ ছাড়া দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ের নির্বাচনের ক্ষেত্রে ভোটার তালিকা লিঙ্ক পাওয়ার পর উক্ত তিন পর্যায়ের চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা পাঠানোর ব্যবস্থা নেওয়ার জন্য সব সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা/জেলা নির্বাচন কর্মকর্তাকে অনুরোধ করা হলো। উপজেলা পরিষদের প্রথম ধাপে নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপনে প্রার্থীর মালিকানাধীন কোনো স্থানে ভোট কেন্দ্র নির্ধারণ না করতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া প্রার্থীর অধীনে চাকরিরত বা অতীতে অধীনস্ত ছিলেন, এমন কাউকে ভোট গ্রহণ কর্মকর্তা পদে নিয়োগ না দেওয়ার নির্দেশনা দিয়েছে কমিশন।

উপজেলা পরিষদের প্রথম ধাপে নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে প্রার্থীর মালিকানাধীন কোনো স্থানে ভোট কেন্দ্র নির্ধারণ না করতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান এ সংক্রান্ত নির্দেশনা মাঠপর্যায়ে পাঠিয়েছেন বলে জানা গেছে।

নির্দেশনায় বলা হয়েছে : (ক) কমিশন ভোট গ্রহণের তারিখের অন্যূন ১৫ (পনেরো) দিন পূর্বে উক্ত চূড়ান্ত তালিকা সরকারি গেজেটে প্রকাশ করবে এবং প্রতিটি ভোট কেন্দ্রে যে সব এলাকার ভোটাররা ভোটদান করবেন সে সব এলাকার নামও চূড়ান্ত তালিকায় উল্লেখ করতে হবে; তবে শর্ত থাকে যে, উক্ত চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পরও, বিশেষ পরিস্থিতিতে কমিশন যে কোনো ভোট কেন্দ্র পরিবর্তন করতে পারবে; (খ) রিটার্নিং অফিসার প্রকাশিত চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট উপজেলার জন্য প্রয়োজনীয় সংখ্যক ভোট কেন্দ্রের ব্যবস্থা করবেন। (গ) সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয় এরূপ স্থানকে ভোট কেন্দ্র হিসেবে নির্ধারণ করা যাবে না। (ঘ) পুরুষ ও মহিলা ভোটাররা যাতে পৃথকভাবে ভোট প্রদান করতে পারেন তদুদ্দেশ্যে প্রতিটি ভোট কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক ভোট কক্ষের ব্যবস্থা রাখতে হবে এবং প্রতিটি ভোট কক্ষে ভোট চিহ্ন প্রদানের জন্য প্রয়োজনীয় সংখ্যক স্থান রাখতে হবে। (ঙ) কোনো প্রার্থীর মালিকানাধীন বা নিয়ন্ত্রণাধীন কোনো স্থানে কোনো ভোট কেন্দ্র স্থাপন করা যাবে না। (চ) প্রার্থিতা চূড়ান্তকরণের পর কোনো প্রার্থীর মালিকানাধীন বা নিয়ন্ত্রণাধীন কোনো ভোট কেন্দ্র স্থাপিত হয়ে থাকলে কমিশন তা পরিবর্তন করতে পারবে। (ছ) প্রত্যেক ভোট কেন্দ্রের প্রতিটি ভোট কক্ষে ভোট চিহ্ন প্রদানের জন্য প্রয়োজনীয় সংখ্যক গোপন কক্ষ থাকবে।

উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করবেন এমন কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম ২০ এপ্রিলের পর শুরু হবে। এতে প্রথম ধাপে ১৫২টি উপজেলার মাঠপর্যায়ে বিপুলসংখ্যক কর্মকর্তা অংশ নেবেন। নির্বাচন কমিশন সচিবালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম জানান, ইসির নিজস্ব কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসারসহ সব নির্বাচন সংশ্লিষ্ট এবং ভোটার তালিকা হালনাগাদকরণ সংক্রান্ত বিধি-বিধানের ওপর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) প্রশিক্ষণ দিয়ে থাকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com