রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

চতুর্থবারের মতো স্পিকার নির্বাচিত হলেন শিরীন শারমিন

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ড. শিরীন শারমিন চৌধুরী টানা চতুর্থবারের মতো স্পিকার নির্বাচিত হয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তাকে স্পিকার হিসেবে নির্বাচন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।

অধিবেশনের শুরুতে ডেপুটি স্পিকার সবাইকে স্বাগত জানান। এরপর নতুন স্পিকার নির্বাচন করা হয়। এ নিয়ে শিরীন শারমিন চৌধুরী চতুর্থবারের মতো স্পিকার নির্বাচিত হলেন।

সংসদে সড়ক পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্পিকার হিসেবে শিরিন শারমিন চৌধুরীর নাম প্রস্তাব করেন। চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন প্রস্তাবকে সমর্থন করেন। স্পিকার হিসেবে অন্য কোনো মনোনয়ন ছিল না। পরে কণ্ঠভোটে স্পিকার নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়।

এরপর সংসদ ২০ মিনিটের জন্য সংসদ মুলতবি করা হয়। এসময় সংসদ ভবনস্থ রাষ্ট্রপতির কার্যালয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন স্পিকারের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

এরপর নতুন এমপিদের উদ্দেশে প্রথমবারের মতো ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে তার ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নেবেন এমপিরা।

এর আগে, দুপুর থেকেই সংসদ ভবনে নতুন সংসদ সদস্যদের একের পর এক গাড়িবহর ঢুকতে দেখা যায়। অনেকেই তাদের প্রিয় নেতাকে বরণ করতে ভিড় জমিয়েছেন।

একাদশ জাতীয় সংসদের মেয়াদ শেষ হয়েছে সোমবার (২৯ জানুয়ারি)। বিদায়ী এ সংসদের যাত্রা শুরু হয় ২০১৯ সালের ৩০ জানুয়ারি, শেষ হয় ২০২৩ সালের ২ নভেম্বর। এতে কার্যদিবস কম হলেও সর্বোচ্চ সংখ্যক ২৫টি অধিবেশন বসেছে।

সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর উপনেতা মতিয়া চৌধুরী। বিরোধী দলীয় নেতা হয়েছেন জাতীয় পার্টির জি এম কাদের ও উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। যার মধ্যে ২৯৯টি আসনের মধ্যে ২২৩টিতে জয় পায় আওয়ামী লীগ। এছাড়া স্বতন্ত্রদের মধ্যে বিজয়ী হন ৬২ জন, যাদের মধ্যে ৫৯ জনই আওয়ামী লীগ নেতা। আর জাতীয় পার্টি জয় পেয়েছে ১১টি আসনে। দুটিতে জয় পেয়েছে আওয়ামী লীগের শরিক দল জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং একটিতে জয় পেয়েছে কল্যাণ পার্টি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com