রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

গ্যাসের প্রিপেইড মিটার ভাড়া দ্বিগুণ করল তিতাস

একুশের কণ্ঠ ডেস্ক:: আবাসিক গ্রাহক পর্যায়ে প্রিপেইড মিটার ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। মিটার চালানো ও রক্ষণাবেক্ষণের ব্যয় সমন্বয় করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলমান জানুয়ারি মাস থেকেই নতুন এই ভাড়া কার্যকর হবে।

জানুয়ারি মাস থেকে প্রিপেইড মিটার ভাড়া ২০০ টাকা করেছে তিতাস, যা এত দিন ছিল ১০০ টাকা।

সোমবার (২৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী পেট্রোবাংলার আওতাধীন সব গ্যাস বিতরণ কোম্পানির আবাসিক প্রিপেইড মিটারের মাসিক ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি প্রিপেইড মিটারের জীবনকাল (লাইফ) ১০ বছর বিবেচনা করে এর দাম, স্থাপনের ব্যয়, ওয়েব সিস্টেম, মিটার ও সার্ভার রক্ষণাবেক্ষণ ব্যয় ইত্যাদি বাবদ প্রতিটি মিটারের দাম ২৫ হাজার টাকা। তিতাস ঋণ নিয়ে এসব মিটার বসিয়েছে।

মিটারের পুরো দাম একসঙ্গে না নিয়ে গ্রাহকদের সুবিধার্থে মাসে মাসে সমন্বয় করা হয় বলে জানায় তিতাস।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রাহকদের সুবিধার্থে সরকার আবাসিক গ্যাসের দাম প্রতি ঘনমিটার ১৮ টাকা আগেই নির্ধারণ করেছে। কিন্তু ২০২৩ সালে দেশে উৎপাদিত গ্যাস ও আমদানি করা এলএনজির মিশ্রিত মূল্য গড়ে প্রতি ঘনমিটারে ১৮ টাকার চেয়ে অনেক বেশি।

আবাসিক খাতে প্রতি ঘনমিটার গ্যাসের বিপরীতে সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে। সে কারণে আবাসিক খাতে গ্যাসের মূল্যবৃদ্ধি অনিবার্য বলে উল্লেখ করেছে তিতাস।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com