মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

গাজায় হামলা চলাকালে বিস্ফোরণে ৪ ইসরাইলি সৈন্য নিহত

গাজায় হামলা চলাকালে বিস্ফোরণে ৪ ইসরাইলি সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক:: গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় হামলা চলাকালে বিস্ফোরণে চার ইসরাইলি সৈন্য নিহত হয়েছেন।

সোমবার উত্তর গাজা উপত্যকায় তারা নিহত হন বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

নিহতরা হলেন- স্টাফ সার্জেন্ট ওর কাৎজ (২০), স্টাফ সার্জেন্ট নাভে ইয়ায়ার আসুলিন (২১), স্টাফ সার্জেন্ট গ্যারি লালরুয়াকিমা জোলাট (২১) এবং স্টাফ সার্জেন্ট ওফির ইলিয়াহু (২০)। তারা সবাই কফির ব্রিগেডের শিমশন ব্যাটালিয়নে কাজ করছিলেন।

তাদের মৃত্যু গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে স্থল হামলা ও সীমান্তে অভিযানে ইসরাইলি নিহতের সংখ্যা ৩৭৫ জনে দাঁড়িয়েছে।

এর আগে রোববার গভীর রাতে ইসরাইলি বাহিনী জাবালিয়া এলাকা একটি ভবনে হামলা চালিয়ে অন্তত ৩৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিভাগ শিশু ও প্রতিবন্ধী।

ওই ভবনে নিজেদের বাড়িঘর হারিয়ে শরণার্থীতে পরিণত হওয়া ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। এদের মধ্যে নারী, শিশু ও প্রতিবন্ধীদের সংখ্যা ছিল বেশি। ভবনটি বিমান হামলা চালিয়ে ধ্বংস করে ফেলার আগে কোনো সতর্কবার্তা দেয়নি দখলদার সেনারা। এর ফলে ভবনটিতে অবস্থানকারী কোনো মানুষ প্রাণে রক্ষা পায়নি।

আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ভবনটির সবাই নিহত হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। এটির ধ্বংসাবশেষ থেকে কেবল হতভাগ্য মানুষের টুকরা টুকরা ও থেঁতলে যাওয়া লাশ বের করা হয়েছে।’

ফিলিস্তিনি সেন্টার ফর হিউম্যান রাইটস বলেছে, জাবালিয়ার এই হত্যাকাণ্ডে তাদের গবেষক মোহাম্মাদ আলুশের পরিবারের এক ডজনেরও বেশি সদস্য নিহত হয়েছেন। মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, এসব নিরপরাধ মানুষ অনাহারে ও অর্ধাহারে গভীর ঘুমে আচ্ছন্ন থাকা অবস্থায় নিহত হয়েছেন।

ঘণ্টায় ঘণ্টায় গাজায় এভাবে অসহায় মানুষদের হত্যা করা হচ্ছে জানিয়ে সংস্থাটি বলেছে, পশ্চিমা দেশগুলো অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য ইসরাইলকে চাপ দেয়ার পরিবর্তে অস্ত্র সরবরাহ করে চলমান গণহত্যায় নিজেদের অংশগ্রহণ অব্যাহত রেখেছে।

সূত্র : টাইমস অব ইসরাইল এবং পার্সটুডে

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com