শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া । সোমবার (৮ জুলাই) বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন ।
তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে । তাকে সিসিইউ সুবিধা-সংবলিত কেবিনে রেখেই সার্বক্ষণিক চিকিৎসা দেয়া হচ্ছে ।
এর আগে রবিবার দিবাগত রাত ৩ টা ৪৭ মিনিটের দিকে খালেদা জিয়াকে রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় ।
চিকিৎসক জাহিদ হোসেন, আজ দুপুর পৌনে ১২টার দিকে বলেন, হৃদ্যন্ত্রের সমস্যার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া । সে কারণেই তাকে মেডিকেল বোর্ডের পরামর্শে ভোরে দ্রুত হাসপাতালে নেয়া হয় ।
এর আগে গত ২২ জুন গভীর রাতে অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে এভারকেয়ারের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয় । পরদিন তার হৃদযন্ত্রে বসানো হয় পেসমেকার । চিকিৎসা শেষে গত ২ জুলাই এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ‘ফিরোজা’য় ফেরেন বিএনপি চেয়ারপারসন ।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, বিভিন্ন জটিল রোগে ভুগছেন । গত চার বছরে বেশ কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে । গতবছরের অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে তিনজন লিভার বিশেষজ্ঞ এনে তার লিভারে অস্ত্রোপচারও করা হয় ।
দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে যেতে হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে । করোনাভাইরাস মহামারীর শুরুতে তার পরিবারের আবেদনে সরকার নির্বাহী আদেশে দুই শর্তে তাকে সাময়িক মুক্তি দেয় । শর্ত হল, তাকে নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং তিনি দেশের বাইরে যেতে পারবেন না ।
গত তিন বছরে পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে কয়েক দফা অনুমতি চাইলেও ওই শর্তের যুক্তি দেখিয়ে প্রতিবারই তা নাকচ করেছে সরকার ।