শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
কোথায় তারা, যাদের জন্য আওয়ামী লীগের এই সর্বনাশ নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামী লীগের সভাপতি এবং সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সিন্ডিকেটের খপ্পরে পড়েছিলেন। দলের ত্যাগী পরীক্ষিত মাঠের নেতাদেরকে বাদ দিয়ে কিছু হাইব্রিড চাটুকার সুবিধাবাদী দুর্নীতিবাজরা তাকে ঘিরে ফেলেছিল। এদের কারণেই আজকে আওয়ামী লীগ সরকারের এই পরিণতি। এদের কারণেই আজ আবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আঘাত করেছে দুর্বৃত্তরা।
শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার টানা চতুর্থবারের মতো ক্ষমতা গ্রহণের পর একটি দুর্নীতিবাজ চাটুকার গোষ্ঠী ক্ষমতাকেন্দ্রের চারপাশ ঘিরে ফেলেছিল। এরা শেখ হাসিনাকে বাস্তবতা বুঝতে দেয়নি, জনবিচ্ছিন্ন করে ফেলেছিল। তাদের ভুল পরামর্শেই আজ এরকম বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে শেখ হাসিনাকে দুর্ভাগ্যজনক বিদায় নিতে হল। আর এই সমস্ত হাইব্রিড দুর্বৃত্ত কারা? তারা এখন কোথায়? এটি আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে এখন প্রশ্ন।
আসুন জেনে নেওয়া যাক এই শেখ হাসিনার চারপাশে থাকা দুধের মাছি কারা ছিল;
সালমান এফ রহমান: সালমান এফ রহমান যেন উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতেন। নামে তিনি প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা ছিলেন, কিন্তু তার কাজকর্ম ছিল উপপ্রধানমন্ত্রীর মতো। সব কর্মকাণ্ডে তিনি নাক গলিয়ে দিতেন। প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক গুলোতে তিনি অবিলম্বে ঢুকে যেতেন। যে কোনও বিষয়ে তাকেই দেখা যেত প্রধানমন্ত্রীর পাশে। সালমান এফ রহমান শেয়ার মার্কেট কেলেঙ্কারি, আর্থিক কেলেঙ্কারি, দুর্বৃত্তায়নের কারণে রীতিমতো গণ দুশমন ছিলেন। আর এই কারণে যতবার তাকে প্রধানমন্ত্রীর পাশে মানুষ দেখেছে ততবার ক্ষুব্ধ হয়েছে, তিক্ত বিরক্ত হয়েছে। আজকের জনরোষের অন্যতম কারণ হলেন এই ব্যক্তি।
২. ওবায়দুল কাদের: আওয়ামী লীগের টানা তিনবার এর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একজন অযোগ্য অথর্বই ছিলেন না, তিনি জন দুশমনে পরিণত হয়েছিলেন। জনগণ তার কথাবার্তায় প্রথমে বিরক্ত হত। পরে ক্ষুব্ধ হয়ে উঠেছিল। আজকের এই অবস্থার জন্য ওবায়দুল কাদেরের ভূমিকাও কম নয়৷ বিশেষ করে চোখ ১৫ জুলাই তিনি শিক্ষার্থীদের দমনের জন্য ছাত্রলীগের যথেষ্ট মর্মে বাণী দিয়ে সারা দেশকে উত্যক্ত করে তুলেছিলেন।
৩. আনিসুল হক: আইনমন্ত্রী আনিসুল হক আরেকজন হাইব্রিড মন্ত্রী। যিনি পৈত্রিক সূত্রেই আওয়ামী লীগের মন্ত্রী হয়েছিলেন এবং তিনবার এই মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছিলেন। তার কারণে আইন মন্ত্রণালয় একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং দেশকে এই সংকটের গভীরে নিয়ে গেছে। শেখ হাসিনার এই করুণ পরিণতির জন্য আনিসুল হক এর ভূমিকাও কম নয়।
৪. মহিবুল হাসান চৌধুরী: মহিবুল হাসান চৌধুরী আরেক হাইব্রিড মন্ত্রী। যিনি কোনরকম যোগ্যতা ছাড়াই শিক্ষা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছিলেন। এই বালক মন্ত্রী শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টির ক্ষেত্রে বালখিল্যতার পরিচয় দিয়েছিলেন। তার কারণেই আজকে এই গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনার পতন।
৫. জুনাইদ আহমেদ পলক: জুনাইদ আহমেদ পলক হলেন আরেকটা হাইব্রিড মন্ত্রী, যাকে আওয়ামী লীগের লোকজনই কুলাঙ্গার হিসেবে অভিহিত করে। জুনাইদ আহমেদ পলক তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং তার দায়িত্বে থাকা অবস্থায় বাংলাদেশে ডিজিটাল জগতে আওয়ামী লীগের ভয়াবহ পরাজয় ঘটে। পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম দখল করে নেয় বিএনপি-জামায়াতপন্থিরা। আর জুনাইদ আহমেদ পলক শুধুমাত্র নিজের আখের গোছানোর জন্যই ব্যস্ত ছিলেন। কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
৬. নসরুল হামিদ দিপু: নসরুল হামিদ দিপু হলেন আরেকজন দুর্নীতিবাজ। তিনি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। সম্পদের পাহাড় গড়েছেন দেশেও। নসরুল হামিদ দিপুর কারণেই বিদ্যুৎ খাতে লাগামহীন বিপর্যয়। গ্যাস, বিদ্যুতের দাম উর্ধ্বগতি মানুষকে দুর্বিষহ অবস্থায় নিয়ে গিয়েছিল।
৭. মোহাম্মদ আলী আরাফাত: মোহাম্মদ আলী আরাফাত নব্য আওয়ামী লীগের নীতি নির্ধারক। তথ্য প্রতিমন্ত্রী হিসেবে থেকে তিনি যেন সব বিষয়ে উস্কানি মূলক বক্তব্য দেওয়ার এক বিরল দক্ষতা অর্জন করেছিলেন।
এই সমস্ত হাইব্রিড, জনবিচ্ছিন্ন মন্ত্রী এবং নেতাদের কারণে আজকে আওয়ামী লীগের এই হাল বলে আওয়ামী লীগের নেতাকর্মীরাই মনে করছেন।