মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

কানাডায় ভারতের হস্তক্ষেপ ‘মারাত্মক ভুল’: ট্রুডো

কানাডায় ভারতের হস্তক্ষেপ ‘মারাত্মক ভুল’: ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক:: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ভারত ভেবেছিল কানাডার সার্বভৌমত্বের ওপর আগ্রাসী হস্তক্ষেপ করা যাবে, যেমনটি করার অভিযোগ রয়েছে দেশটির বিরুদ্ধে, ভারত মারাত্মক ভুল করেছে।

কানাডা ছয় ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করার দুই দিন পর ট্রুডো গতকাল বুধবার (১৭ অক্টোবর) এই মন্তব্য করেন। খবর রয়টার্সের।

কানাডার ভেতরে ‘স্বাধীন খালিস্তান’ পন্থি এক শিখ বিচ্ছিন্নতাবাদী নেতার খুনের সঙ্গে ওই ছয় কূটনীতিকের সম্পর্ক ছিল এবং তারা কানাডায় ভারতীয় ভিন্নমতালম্বীদের নিশানা করার একটি বিস্তৃত প্রচেষ্টার সঙ্গেও যুক্ত ছিলেন বলে অভিযোগ অটোয়ার।

শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে ভারতের সঙ্গে কানাডার এক বছর ধরে বিবাদ চলছে আর এতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন এক তলানীতে নেমেছে। এই পুরো সময়ে এবারই প্রথম ট্রুডো বিষয়টি নিয়ে এমন কড়া মন্তব্য করলেন।

কানাডার রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ সম্পর্কে নিরপেক্ষ তদন্ত বিষয়ে তিনি বলেন, ভারত সরকার এটা ভেবে মারাত্মক ভুল করেছে যে তারা, যেমনটি আগে করেছিল, কানাডার নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর আগ্রাসীভাবে হস্তক্ষেপ করতে পারবে।’

ট্রুডো বলেন, অটোয়া কানাডার অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও পদক্ষেপ গ্রহণ করবে কিন্তু বিস্তারিত আর কিছু বলতে তিনি অস্বীকৃতি জানান।

ট্রুডোর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দুই লাইনের এক সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে বলেছে, ‘ট্রুডোর জবানবন্দিতে নয়া দিল্লির অবস্থান নিশ্চিত হয়েছে যে ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কানাডা কোনো প্রমাণ দেয়নি।’

বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, ‘এই দাম্ভিক আচরণ ভারত-কানাডা সম্পর্কের যে ক্ষতি করেছে তার দায় শুধু প্রধানমন্ত্রী ট্রুডোর ওপর বর্তায়।’

ভারত কানাডার সার্বভৌমত্বে হস্তক্ষেপের সব অভিযোগ অস্বীকার করে পাল্টা ব্যবস্থা হিসেবে নয়াদিল্লি থেকে ছয় কানাডীয় কূটনীতিককে বহিষ্কার করেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com