শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

কাছে এসো ভালোবাসা দেবো

বিনোদন ডেস্কঃ নিখিল জৈন পেশায় একজন ব্যবসায়ী। ২০১৯ সালে ভালোবেসে ঘর বেঁধেছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানের সঙ্গে। কিন্তু সে ঘর টিকল না। গেলো বছরের শেষ দিকেই তারা আলাদা হয়ে যান। এ নিয়ে বিতর্কের জল গড়িয়েছে অনেক দূর।

আলাদা হওয়ার পর নুসরাত মজে আছেন অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে। তারা বর্তমানে একসঙ্গেই বসবাস করছেন বলে শোনা যায়। কিন্তু নিখিল কার সঙ্গে নিজেকে জড়িয়েছেন? বিভিন্ন সূত্রে খবর-বাঙালি অভিনেত্রী ত্রিধা চৌধুরীকেই মন দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাদের দু’জনের পোস্টগুলো অন্তত সে দিকেই ইঙ্গিত দেয়।

নিখিল ও ত্রিধার সম্পর্কের গুঞ্জন আরেকটু পোক্ত হয়েছে নিখিলেরই একটি পোস্টকে ঘিরে। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘সোনা, তুমি যদি আমার সঙ্গে ভালো ব্যবহার করো, আমি তোমায় সব দিয়ে দেবো। আগেরবার প্রাক্তনের সঙ্গে বিচ্ছেদের পর আমার মনে হয়েছিল, আর কোনও দিন চেষ্টাই করব না। কিন্তু তারপর তোমার সঙ্গে দেখা হল; এ রকম আগে কখনো অনুভব করিনি। আমার কাছে এসো, তোমায় সব ভালোবাসা দেবো।’

নিখিলের এই পোস্টে তার প্রেমে পড়ার বিষয়টি স্পষ্ট। তাহলে প্রেমিকা কে? সে প্রশ্নের উত্তরও দুইয়ে দুইয়ে চার মেলানো যায়। কিছু দিন আগেই নুসরাত ও নিখিল ইস্যুতে একাধিক পোস্ট দিয়েছেন ত্রিধা। সেগুলোতে তার বক্তব্য নিখিলের দিকেই সমর্থন দেয়। আবার নিখিলের প্রতিষ্ঠানের হয়ে মডেলিংয়ের কাজও করেছেন ত্রিধা। সেই সুবাদে নাকি তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে।

এদিকে নুসরাত জাহান বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। তবে তার এই অনাগত সন্তানের পিতা কে, সেটা এখনো কেউ জানে না। নিখিল জৈন ইতোমধ্যে পিতৃত্ব অস্বীকার করেছেন। তাহলে এই সন্তানের পিতা কি যশ? সেই প্রশ্নের উত্তরও রয়েছে ধোঁয়াশায়। সময়ই সব রহস্যের জটলা খুলে দেবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com