রবিবার, ২১ Jun ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

কলেজ ছাত্র রাসেল হত্যা মামলায় ৪ জনের ফাঁসি

মানিকগঞ্জ প্রতিনিধি::

মানিকগঞ্জের সিঙ্গাইরে কলেজ ছাত্র রাসেল হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ও একজনের সাত বছর কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ মমতাজ বেগম আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-মো. হয়রত আলী, শামসু মিয়া, রকিব আহম্মেদ ও জাহাঙ্গীর। সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন হেলালুর রহমান।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ২৬ নভেম্বর সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম গ্রামের আনসার ফকিরের ছেলে সাভার লিজেন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রাসেলকে ডেকে নিয়ে যায় তার এক বন্ধু। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের কাছে মোবাইল ফোনে মুক্তিপণের টাকা চাওয়া হয়। বিকাশের মাধ্যমে মুক্তিপণের জন্য দুই দফা ৩৫ হাজার টাকাও দেওয়া হয়। এ ব্যাপারে সিংগাইর থানায় নিখোঁজের বিষয়টি জানিয়ে রাসেলের বাবা সাধারণ ডায়েরি করেন।

ঘটনার ছয়দিন পর রাসেলের লাশ পার্শ্ববর্তী হাউজিং কোম্পানির পরিত্যক্ত স্থান থেকে পুলিশ উদ্ধার করে। পুলিশ তদন্ত করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আদালতে গত বছরের ১২ জুলাই অভিযোগপত্র দাখিল করে। আদালত মোট ২২ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

রাষ্ট পক্ষে মামলা পরিচালনা করেন এপিপি আহসান হাবিব ও আসামি পক্ষে মো. খলিলুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com