রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

এবছর কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশে কোরবানিযোগ্য গবাদিপশুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। এ তথ্য জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

রোববার (৩ মে) মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ তথ্য উপস্থাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

পরে সংবাদ সম্মেলনে তিনি জানান, এ বছর কোরবানির সম্ভাব্য চাহিদা এক কোটির কিছু বেশি হলেও সরবরাহ রয়েছে তার চেয়েও বেশি—ফলে পশুর ঘাটতির আশঙ্কা নেই।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী পশুর শ্রেণিভিত্তিক হিসাব-

গরু ও মহিষ: ৫৬ লাখ ৯৫ হাজার ৭৮৭টি, ছাগল ও ভেড়া: ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি, অন্যান্য (উট, দুম্বা ইত্যাদি): ৫ হাজার ৬৫৫টি

সভায় দেশের বিভিন্ন অঞ্চলে কোরবানির পশুর সরবরাহ, পরিবহন ও অবাধ চলাচল নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। এ সময় প্রতিমন্ত্রী ও মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারি হিসাব অনুযায়ী, দেশে কোরবানির জন্য প্রস্তুত পশুর সংখ্যা চাহিদার তুলনায় বেশি থাকায় বাজারে সরবরাহ স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে। এতে ক্রেতাদের জন্য মূল্য স্থিতিশীল থাকারও প্রত্যাশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com