শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : ছাত্রলীগের হামলায় গুরুতর আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজের প্রধান সমন্বয়ক নাজমুল হাসানের জ্ঞান ফেরেনি । তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । মাথায় গুরুতর আঘাত পাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে তার ।
সোমবার রাত পৌনে ১২টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজের অন্যতম সমন্বয়ক ইউসুফ হোসেন বলেন, ‘নাজমুলের মাথায় গুরুতর আঘাত লেগেছে । সিটি স্ক্যান করার পর ডাক্তাররা জানিয়েছেন, মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে । তার অবস্থা এখনো আশঙ্কাজনক । আমরা তার জ্ঞান ফেরার অপেক্ষায় আছি ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশে গুরুতর আহত হন ঢাকা কলেজের সমন্বয়ক মাস্টার্সের শিক্ষার্থী নাজমুল হাসান । এদিন বিকাল চারটার দিকে পলাশীতে ছাত্রলীগের হামলার শিকার হন । এ সময় মাথায় গুরুতর আঘাত পান তিনি । একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন । পরে অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করেন ।
অবস্থা গুরুতর ও উন্নতি না হওয়ায় ঢাকা মেডিকেল থেকে পরবর্তীতে তাকে ঢাকার একটি বেসরকারি মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে আসেন সহপাঠীরা ।
চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় অতিরিক্ত আঘাতের কারণে রক্তক্ষরণ হয়েছে । অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার জ্ঞান ফেরেনি ।