রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ও অনলাইন ডেস্ক, ঢাকা॥
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেমেছে সর্বস্তরের মানুষের ঢল। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে শহীদ মিনার চত্বর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর থেকেই শুরু হয় এই জনস্রোত।
২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। এরপর একে একে রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। ভোরের আলো ফোটার সাথে সাথেই শহীদ মিনারে বাড়ে মানুষের ভিড়। অনেককে খালি পায়ে প্রভাতফেরিতে অংশ নিতে দেখা যায়। সাধারণ মানুষের হাতে ছিল জাতীয় পতাকা, শোকের প্রতীক কালো ব্যানার ও নানা রঙের ফেস্টুন।
নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন:
একুশের প্রথম প্রহরে প্রধানমন্ত্রী হিসেবে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর শ্রদ্ধা নিবেদন করেন তিন বাহিনীর প্রধানগণ- সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান।
বিরোধী দলের শ্রদ্ধা:
তিন বাহিনীর প্রধানের শ্রদ্ধা নিবেদনের পর পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম, এ টি এম আজহারুল ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আখতার হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বেলা বাড়ার সাথে সাথে পুরো এলাকা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সুরে মুখরিত হয়ে ওঠে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সুশৃঙ্খলভাবে সর্বস্তরের মানুষ তাদের প্রিয় ভাষা শহীদদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করে চলেছেন।