শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

ঋতুপর্ণা করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্কঃ বলিউডের পর করোনার থাবা টলিউডে। পশ্চিমবাংলার এই ইন্ডাস্ট্রি থেকে করোনায় আক্রান্ত হয়েছেন একসময়কার জনপ্রিয় চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। বর্তমানে তিনি সিঙ্গাপুরে আইসোলেশনে রয়েছেন। সোমবার রাতে ঋতুপর্ণা নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন।

ভারতজুড়ে আবারও বেড়েছে করোনার দাপট। বিশেষ করে মুম্বাইয়ে। তারই মধ্যে পুরোদমে চলছে শুটিং। যার জেরে বলিউড থেকে ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতা রণবীর কাপুর, নির্মাতা সঞ্জয় লীলা বানসালি ও অভিনেত্রী তারা সুতারিয়া।

এবার টলিউড থেকে পাওয়া গেল ঋতুপর্ণার করোনা আক্রান্তের খবর। তবে এই অভিনেত্রী জানিয়েছেন, তার শরীরে কোনো ধরনের উপসর্গ নেই। তার পরও তিনি প্রয়োজনীয় চিকিৎসা করাচ্ছেন। ইনস্টাগ্রামে এসব কথা জানিয়েছেন ঋতুপর্ণা। সোমবার রাতে সামাজিক যোগাযোগের এই মাধ্যমে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘শরীর ভালোই আছে। আমার পরিবার ও কর্মীরাও সুস্থ আছেন। চিকিৎসক যা বলছেন, সেটা মেনে চলছি। প্রার্থনা ও শুভকামনার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানাই।’

এদিকে, ঋতুপর্ণাকে নিয়ে কিছু দিন আগে গুজব রটেছিল যে, তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন। কিন্তু এই গুজব কানে যেতেই ঋতুপর্ণা স্পষ্ট জানিয়ে দেন, তিনি এখনই দলীয় রাজনীতিতে অংশগ্রহণ করতে চান না। আপাতত অভিনয় নিয়েই মেতে থাকতে চান বলে জানিয়ে দেন বহু হিট সিনেমার এই নায়িকা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com