শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
১৮ হাজার ৫৬৬টি ঘর হস্তান্তর নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: জননেত্রী ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার জন্য আবাসন নিশ্চিত করতে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ঈদের আগে সারাদেশে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে আরও ১৮ হাজার ৫৬৬টি ঘর হস্তান্তর করেছেন।
মঙ্গলবার (১১ জুন) সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবিধাভোগীদের মধ্যে জমির মালিকানার নথিসহ বাড়ি বিতরণ করেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী আশ্রয়ণ-২ প্রকল্পের পঞ্চম পর্বের দ্বিতীয় পর্যায়ে বাড়ি হস্তান্তরের মাধ্যমে ২৬টি জেলার আরও ৭০টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা দিয়েছেন, যার ফলে ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলার সংখ্যা দাড়াল ৫৮ এবং সারাদেশে উপজেলার সংখ্যা হলো ৪৬৪টি। বাড়ি বিতরণ অনুষ্ঠানে যুক্ত ছিল লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা, কক্সবাজারের ঈদগাঁও উপজেলা এবং ভোলার চরফ্যাশন উপজেলা। প্রধানমন্ত্রী লালমনিরহাটে ১ হাজার ২৮২টি, কক্সবাজারে ২৬১টি এবং ভোলা জেলায় ১ হাজার ২৩৪টি বাড়ি দিয়েছেন।
এর আগে তিনি সারাদেশে আশ্রয়ণ-২ প্রকল্পের প্রথম ধাপে ৬৩ হাজার ৯৯৯টি, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৩৩০টি, তৃতীয় ধাপে ৫৯ হাজার ১৩৩টি এবং চতুর্থ ধাপে ৩৯ হাজার ৩৬৫টি বাড়ি বিতরণ করেছেন।
বাড়ি বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া। প্রধানমন্ত্রী পরে সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে আশ্রয়ণ প্রকল্পের ওপর একটি ভিডিও ডকুমেন্টারিও প্রদর্শিত হয়।
প্রকল্পের আওতায় ভূমি ও গৃহহীন প্রতিটি পরিবারকে দুই দশমিক ৫ শতাংশ জমির মালিকানা দিয়ে একটি আধা-পাকা বাড়ি দেয়া হচ্ছে, যা স্বামী-স্ত্রী উভয়েরই হবে। প্রতিটি বাড়িতে দুটি বেডরুম, একটি রান্নাঘর, একটি টয়লেট এবং বারান্দা রয়েছে।
প্রকল্পের বিবরণ অনুযায়ী, আশ্রয়ণ-২ প্রকল্পের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম পর্যায়ের প্রথম ধাপে মোট ২ লাখ ৬৬ হাজার ১২টি ভূমি ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে এবং আজ মঙ্গলবা আরও ১৮ হাজার ৫৬৬টি পরিবারকে পুনর্বাসন করা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে গৃহহীনদের পুনর্বাসন কর্মসূচি চালু করেছিলেন।
বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহ ও ভূমিহীনদের ঘর ও জমির মালিকানা দেয়ার উদ্যোগ গ্রহণ করেন। আশ্রয়ণ প্রকল্পের অধীনে ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত মোট ৭ লাখ ৭১ হাজার ৩০১টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। পুনর্বাসিত মানুষের সংখ্যা ৩৮ লাখ ৫৬ হাজার ৫০৫ জন (একটি পরিবারে পাঁচজন ব্যক্তি হিসাবে)।
প্রকল্পের আওতায় এ পর্যন্ত সারাদেশে ৮ লাখ ৬৭ হাজার ৯০৪টি ভূমি ও গৃহহীন পরিবারের প্রায় ৪৩ লাখ ৪০ হাজার মানুষকে আশ্রয়ণ এবং অন্যান্য কর্মসূচির আওতায় পুনর্বাসন করা হয়েছে। শুধুমাত্র আশ্রয়ণ প্রকল্পের অধীনে ৫ লাখ ৮২ হাজার ৫৩ ভূমি ও গৃহহীন পরিবারের ২৯ লাখ ১০ হাজার ২৬৫ জনকে পুনর্বাসন করা হয়েছে।