রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

ঈদ উপলক্ষে ১০ দিন সড়ক নির্মাণ কাজ বন্ধ থাকবে 

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: পবিত্র ঈদুল ফিতরে যান চলাচল নির্বিঘ্ন করতে ঈদের সাত দিন আগে এবং ঈদের তিন দিন পর পর্যন্ত সড়কে সব রকম নির্মাণ কাজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

বৃহস্পতিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে সড়ক পথে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেন তিনি।

আমিন উল্লাহ নুরী বলেন, যান চলাচল স্বাভাবিক রাখতে সকল সড়কে নির্মাণ কাজ বন্ধ থাকবে। সড়ক থেকে নির্মাণ সামগ্রী সরিয়ে রাখতে হবে। ঈদের সাত দিন আগে থেকে ঈদের পর তিন দিন পর্যন্ত সড়কে নির্মাণ কাজ বন্ধ থাকবে।

এসময় মহাসড়কে সকল প্রকার ট্রাক চলাচল বন্ধ থাকবে জানিয়ে সচিব বলেন, ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াতে ঈদের আগের তিনদিন ও পরের তিনদিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। তবে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে।

এবারের ঈদে যানজটের জন্য মহাসড়কগুলোর সম্ভাব্য ১৫৫টি স্পট চিহ্নিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, যানজটের জন্য মহাসড়কগুলোর সম্ভাব্য ১৫৫টি স্পট চিহ্নিতের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪৮, উত্তরবঙ্গ মহাসড়কে ৫২, ময়মনসিংহ মহাসড়কে ৬, ঢাকা-সিলেট মহাসড়কে ৪১ এবং ঢাকা-পাটুরিয়া-আরিচা মহাসড়কে ৮টি স্পট ঝুঁকিপূর্ণ রয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও সভায় উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক, সড়ক পরিবহন বিভাগের বিভিন্ন সংস্থা প্রধান, পরিবহন মালিক সমিতিসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা। সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন মাঠপর্যায়ের কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com