রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

ঈদে বায়তুল মোকাররমে ৫ জামাত, প্রথমটি সকাল ৭টায়

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টায়। পরবর্তীতে এক ঘণ্টা পরপর বেলা পৌনে এগারোটা পর্যন্ত পর্যায়ক্রমে বাকি ৪টি জামাত অনুষ্ঠিত হবে।

রবিবার (৭ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঈদের প্রথম জামাত হবে সকাল ৭টায়। এতে ইমাম থাকবেন বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন মসজিদের মুয়াজ্জিন কারি মো. ইসহাক।

মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. এহসানুল হকের নেতৃত্বে দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে মুকাব্বির থাকবেন অবসরপ্রাপ্ত মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান।

তৃতীয় জামাত সকাল ৯টায়। এতে ইমাম থাকবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম। মুকাব্বিরের দায়িত্বে থাকবেন মসজিদের খাদেম মো. আবদুল হাদী।

চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। এতে ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মো. আবু ছালেহ পাটোয়ারী এবং মুকাব্বির থাকবেন খাদেম মো. জসিম উদ্দিন।

এ ছাড়া পঞ্চম ও সর্বশেষ জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমাম থাকবেন আজিমপুর কবরস্থান মেয়র হানিফ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ইমরান বিন নূরউদ্দীন। তার সঙ্গে মুকাব্বির হবেন মসজিদের খাদের মো. রুহুল আমিন।

এই ৫টি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশননের ভাষা শিক্ষক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন।

উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে বুধবার বা বৃহস্পতিবার (১০ বা ১১ এপ্রিল) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদের তারিখ নির্ধারণে মঙ্গলবার সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com