রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

ঈদে ট্রেনের পঞ্চম দিনের টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে আগামী ৩ এপ্রিল থেকে ট্রেনে যাত্রা শুরু হবে। আগামী ১০ এপ্রিলকে ঈদের দিন ধরে এই টিকিট বিক্রি করছে তারা।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ৮টায় বিক্রি শুরু হয়েছে আগামী ৭ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট। এটি ট্রেনে ঈদযাত্রার পঞ্চম দিন।

সকাল ৮টা থেকে বিক্রি হয়েছে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট এবং দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট। এবার স্পেশালসহ আন্তঃনগর ট্রেনে ঢাকা থেকে বহির্গামী টিকিট সংখ্যা ৩৩ হাজার ৫০০টি।

সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ রেলওয়ের ঈদুল ফিতর উপলক্ষ্যে নেওয়া কার্যবিবরণী থেকে এ তথ্য জানা যায়।

আরও জানা যায়, আগের ঈদগুলোতে ৫ দিনের টিকিট বিক্রি করলেও এবারই প্রথম ৭ দিনের টিকিট বিক্রি করছে রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের এই ট্রেন যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে ২৪ মার্চ। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট এবার অনলাইনে বিক্রি করা হচ্ছে।

এর আগে ৩ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে ২৪ মার্চ; ৪ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে ২৫ মার্চ; ৫ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে ২৬ মার্চ এবং ৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৭ মার্চের টিকিট।

ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩০ মার্চ।

এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম জানিয়েছেন, সাংবাদিকরা অনেক সময় বলে থাকেন যে রেলের টিকিট কালোবাজারের সঙ্গে সহজ ডট কমের লোকজন জড়িত। আমরা বিষয়টি অবগত আছি। তাদের সতর্ক করা হয়েছে। আমরা যাত্রীদের সেবার মন বাড়াতে চাই। যাত্রীদের অসুবিধায় ফেলে আমরা কাউকে কোনো সুযোগ সুবিধা দিতে চাই না। সে যেই হোক না কেন। টিকিট কালোবাজারি রোধে আমরা একটু সিক্রেট ব্যবস্থা নিয়েছি। আপাতত এতটুকুই বললাম। আমরা নতুন নতুন কিছু যুক্ত করেছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com