শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

ঈদে এবারও একসঙ্গে দুই খান!

বিনোদন ডেস্ক:: এবারও ঈদে একসঙ্গে দেখা যাবে সালমান খান ও শাহরুখ খানকে। সালমানের নতুন ছবি ‘রেস-থ্রি’ ১৫ জুন মুক্তি পেতে চলেছে। এ নিয়ে উচ্ছ্বসিত সালমানভক্তরা। তবে ঈদে খুশির খবর রয়েছে শাহরুখভক্তদের জন্যও। এই সময়ে শাহরুখ খানের ছবি ‘জিরো’-র টিজার আসছে। আর টিজারে রয়েছে বিশেষ চমক।

‘জিরো’ ছবির টিজারে দেখা যাবে সালমান খান ও শাহরুখ খানকে। ফলে এ বছর ঈদে ফের একবার ডাবল ধামাকা, থাকছে দুই খানভক্তদের জন্য। গত বছর ঈদেও সালমান ও শাহরুখ খানকে একসঙ্গে দেখা গেছে। সেই সময়ে মুক্তি পেয়েছিল ‘টিউবলাইট’, সেই ফিল্মেই দেখা গিয়েছিল দুই তারকাকে। তাও একটি বিশেষ দৃশ্যে।

তবে ‘জিরো’ ছবিতে সালমান খান কোন ভূমিকায় অভিনয় করেছেন তা বলা হয়নি নির্মাতাদের তরফ থেকে। যদিও ‘জিরোতে’ সালমানের অভিনয়ের বিষয়টি নিয়েও কোনো মন্তব্য করা হয়নি। বছরের শেষে মুক্তি পেতে চলেছে এই ছবি। তবে সালমানকে এই ছবিতে ক্যামিওর চরিত্রেই দেখা যাবে বলে জানা গেছে।

অন্যদিকে, সালমান খানের ‘রেস-থ্রি’তে রয়েছেন জ্যাকুলিন, ববি দেওল, অনিল কাপুরের মতো স্টাররা। শাহরুখ খানের ‘জিরো’ ছবিতে অভিনয় করছেন আনুশকা ও ক্যাটরিনা। আনন্দ এলো রাইয়ের ছবির টিজারে থাকছে আরও বেশ কিছু চমক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com