শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

ইসরায়েলি হামলায় গাজার ২ স্কুলে নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক, একুশের কণ্ঠ অনলাইন:: অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে পৃথক দুটি স্কুলে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক ফিলিস্তিনি। স্কুল দুটিতে বাস্তুচ্যুত কয়েক হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন।

ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফার বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদুলু।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওয়াফা জানিয়েছে, সোমবার গাজা উপত্যকার উত্তরে দারাজ এলাকায় জাতিসংঘ পরিচালিত সালাহ আদ-দিন স্কুল এবং আল-দাররাজের শহীদ আসাদ সাফওয়াতি স্কুলে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে শিশুসহ কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন।

এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে এক সপ্তাহ যুদ্ধবিরতির পর শুক্রবার থেকে গাজা উপত্যকায় আবার আক্রমণ শুরু করেছে ইসরায়েলের সেনাবাহিনী। তার আগে ইসরায়েলের সেনাবাহিনী মূলত গাজার উত্তরভাগেই অভিযান চালিয়েছিল। কিন্তু এখন দক্ষিণ গাজাতেও বিমান হামলা ও স্থল অভিযান শুরু করছে ইসরায়েল।

এর আগে উত্তর গাজায় অভিযানের সময় গাজাবাসীকে দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েল। সেসময় গাজার বেসামরিক মানুষের একটা বড় অংশ নিরাপদ আশ্রয়ের জন্য দক্ষিণ গাজায় চলে গিয়েছিল। এখন দক্ষিণ গাজায়ও ইসরায়েল হামলা জোরদার করেছে। চালানো হচ্ছে স্থল অভিযান। এর ফলে পুরো গাজা এখন কার্যত অনিরাপদ হয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলের সেনা দক্ষিণ গাজায় খান ইউনিস শহরের পূর্বদিকে গেছে। আকাশপথে হামলার পাশাপাশি ট্যাংক নিয়ে সেখানে অভিযান চালানো হচ্ছে।

হামাসের সঙ্গে গত ৭ অক্টোবর সংঘাত শুরু হওয়ার পর থেকে গাজায় নির্বিচারে বিমান হামলা ও স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ১৫ হাজার ৮৯৯ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সময়ের মধ্যে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজারে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com