শনিবার, ১১ Jul ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

আমি অনেক দিন ধরেই ইরানের হিটলিস্টে আছি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি তাকে হত্যা করে, তাহলে তেহরানের বিরুদ্ধে নজিরবিহীন সামরিক হামলা চালানোর নির্দেশ আগেই দিয়ে রেখেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি অনেক দিন ধরেই ওদের হিটলিস্টে আছি। যদি আমার কিছু হয়ে যায়, তাহলে আক্ষরিক অর্থেই ইরানের ওপর এমন মাত্রায় বোমাবর্ষণ করা হবে, যা তারা আগে কখনো দেখেনি।

সাম্প্রতিক সময়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ট্রাম্পকে হত্যার একটি কথিত ইরানি ষড়যন্ত্রের গোয়েন্দা তথ্য দিয়েছে-এমন প্রতিবেদনের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, এটি নতুন কিছু নয়।

ট্রাম্প বলেন, না, ইসরায়েল নতুন কিছু পায়নি। আমি দীর্ঘদিন ধরেই তাদের লক্ষ্যবস্তু। ইরান যদি আমাকে হত্যা করে, তাহলে আশা করি আপনারা আমাকে মিস করবেন।

২০২০ সালে মার্কিন হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকেই ট্রাম্পকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়ে আসছে তেহরান।

এর মধ্যে ২০২৪ সালের ১৩ জুলাই পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপর হামলার ঘটনায় একটি গুলি তার কান ঘেঁষে চলে যায়। পরে আরও কয়েকটি কথিত হত্যাচেষ্টা প্রতিহত করার দাবি করে মার্কিন কর্তৃপক্ষ।

এদিকে সাম্প্রতিক মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তার জানাজায় অংশ নেওয়া বিক্ষোভকারীদের হাতে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধের আহ্বানসংবলিত ব্যানার দেখা গেছে।

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ওয়াশিংটন যুদ্ধবিরতি চুক্তি ও প্রাথমিক সমঝোতা স্মারক (এমওইউ) বাতিলের ঘোষণা দিয়েছে এবং ইরানি তেল বিক্রির ওপর দেওয়া ছাড়ও প্রত্যাহার করেছে। পরে মার্কিন বাহিনী ইরানের প্রায় ২০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

তবে শুক্রবার ট্রাম্প জানান, তেহরান আলোচনার আগ্রহ প্রকাশ করায় যুক্তরাষ্ট্র আবারও আলোচনায় বসতে রাজি হয়েছে। একই সময়ে দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে কাতারের মধ্যস্থতাকারীরা তেহরানে নতুন কূটনৈতিক উদ্যোগ শুরু করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com