শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

আমির-কিরণের দীর্ঘ ১৫ বছরের সংসারের ইতি

বিনোদন ডেস্ক:: দীর্ঘ ১৫ বছরের সংসার জীবনের ইতি টানলেন আমির খান ও কিরণ রাও দম্পতি। শনিবার (৩ জুলাই) এক যৌথ বিবৃতির মাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তারা।

ওই যৌথ বিবৃতিতে তারা জানিয়েছেন, ‌“এই ১৫টি সুন্দর বছরে আমরা একসঙ্গে আজীবনের অভিজ্ঞতা, আনন্দ এবং হাসি ভাগ করে নিয়েছি। তাছাড়া আমাদের সম্পর্কটি এগিয়ে গিয়েছে শুধুমাত্র বিশ্বাস, শ্রদ্ধা এবং ভালোবাসার জোরে। তবে আমরা এখন আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। আমরা আর স্বামী-স্ত্রী নই। তবে আমরা দু’জনই একে অপরের পরিবারের অভিভাবক থাকবো।”

তারা আরও জানিয়েছেন, “বেশ কিছুদিন আগেই আমরা বিচ্ছেদের সিদ্ধান্তটি নিয়েছি। শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। তবে এই সিদ্ধান্ত আমাদের সন্তান আজাদের উপর কোনওভাবেই পড়বে না। আমরা দু’জনে মিলে তাকে মানুষ করবো। এমনকি আমরা দু’জন একসঙ্গে মিলে আগের মতোই ছবি, পানিপথ ফাউন্ডেশন এবং অন্যান্য প্রোজেক্টের কাজ করবো।”

পরিবার ও বন্ধুদের ধন্যবাদ জানিয়ে ওই বিবৃতিতে তারা জানিয়েছেন, “আমাদের সম্পর্কের এই বিবর্তন বোঝা ও সমর্থন করার জন্য আমাদের পরিবার ও বন্ধু-বান্ধবদের অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা ও দোয়া করার জন্য অনুরোধ জানাই এবং আশা করি, আমাদের মতো আপনারাও এই বিবাহবিচ্ছেদটি শেষ হিসেবে নয়, বরং নতুন যাত্রার শুরু হিসেবে দেখবেন।”

আমির খান অভিনীত ‘লাগান’ ছবিতে অ্যাসিসটেন্ট ডিরেক্টর ছিলেন কিরণ রাও। সেখানেই প্রথম পরিচয় হয় তাদের। এরপর কিছু সময় একসঙ্গে কাটানোর পর ২০০৫ সালের ২৮ ডিসেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। এরপর ২০১১ সালে সারোগেরি (গর্ভভাড়া) পদ্ধতির মাধ্যমে আজাদ রাওয়ের বাবা-মা হন তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com