রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: আমার ও দেশের মানুষের ওপর বালা-মুসিবত এসেছে বলে দাবি করে শান্তিতে নোবেল পুরস্কারজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে দোয়া করার আহ্বান জানিয়েছেন।
গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের অর্থ আত্মসাতের মামলায় মঙ্গলবার (২ এপ্রিল) আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
ড. ইউনূস বলেন, আমরা যে সামাজিক ব্যবসার কথা বলছি সেটা সারা দুনিয়া বাংলাদেশ থেকে শিখতে চায়। বিভিন্ন দেশের মানুষজন এই ব্যবসা সম্পর্কে জানতে চায়, আমাকে তাদের দেশের আমন্ত্রণ জানায়। আমি যেসব দেশে যাই সেটা শুধুমাত্র আমার ফুর্তির জন্য নয়, এই ব্যবসাকে ছড়িয়ে দেয়ার জন্য।
তিনি বলেন, আমার মাঝে মাঝে খুব দুঃখ হয়, সারা পৃথিবী যেখানে আমাদের থেকে শিখতে চায়, আমাদের সেটাতে গৌরব বোধ করার কথা। সেটা না করে আমরা এমন কাজ করছি যে, আমরা যেন পাপের কাজ করে ফেলেছি। এমন অনুভূতি হওয়ার তো কারণ ছিল না। আমরা কাউকে বাধ্য করছি না, সারা দুনিয়া থেকে লোকজন উৎসাহ নিয়ে আসছে।
তিনি আরও বলেন, আমার ও দেশের মানুষের ওপর বালা-মুসিবত এসেছে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এ থেকে রেহাই না পেলে মুক্তি নাই। একটা বালা-মুসিবত পৃথিবীর চারদিকে ঘিরে আছে। সেই মুসিবত থেকেও আমাদের উদ্ধার পেতে হবে। সেই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা কিছুটা নির্দেশনা দিতে পারছি যে, এই পথে গেলে আমরা মুক্তিটা পাব।
এদিকে, গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত।