রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: বছর ঘুরতে না ঘুরতেই আবারও বাড়ছে বিদ্যুতের দাম। সর্বনিম্ন ৩৪ পয়সা থেকে সর্বোচ্চ ৭০ পয়সা পর্যন্ত বাড়ানো হয়েছে। যা আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে কার্যকর হবে। এছাড়াও সমন্বয় করা হবে গ্যাস ও জ্বালানি তেলের দাম।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
প্রতিমন্ত্রী জানান, বিদ্যুতে ভর্তুকি থেকে বের হয়ে যাওয়ার জন্য বিদ্যুতের দাম সমন্বয় করা হবে। প্রতি ইউনিটে দাম বাড়ছে ৩৪ পয়সা থেকে সর্বোচ্চ ৭০ পয়সা। মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই বিদ্যুতের এই নতুন দাম কার্যকর হবে।
নসরুল হামিদ বলেন, একইভাবে গ্যাসের দামও সমন্বয় করা হবে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দাম বাড়ানো হবে। আন্তর্জাতিক বাজারে দাম কমলে গ্যাসের দাম কমানো হবে। এই সমন্বয়ও মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে কার্যকর করা হবে।
এর আগে গত বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত প্রতি মাসে ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ করে বাড়ানো হয় বিদ্যুতের দাম। এর মধ্যে গত বছরের ফেব্রুয়ারি থেকে এক দফায় বাড়ে পাইকারি বিদ্যুতের দাম।
এ বিষয়ে আজই গেজেট প্রকাশ করা হবে জানিয়ে তিনি বলেন, গ্যাসের দামও বাড়ানো হচ্ছে, তবে সেটা বাসাবাড়ির গ্রাহক পর্যায়ে এখন দাম বাড়বে না।