শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বৃষ্টি নিয়ে যে সংবাদ দিলো আবহাওয়া অফিস ফের বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ ।
আগামী সপ্তাহ থেকে দেশে ফের বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ ।
আবহাওয়া অফিস বলছে, এখন দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি । মধ্য এবং দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা কম ।
রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ।
এদিকে, গত কয়েকদিন ধরে বৃষ্টিহীন ঢাকা । রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে ভ্যাপসা গরম ।
রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে জানান, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে । এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে ।
সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে তিনি জানান, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে । সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে ।
এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি ।
মঙ্গলবার ও বুধবারের আবহাওয়া মোটামুটি একই রকম থাকতে পারে । পরবর্তী পাঁচ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে । একই সময়ে তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ।