শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে পশুর হাট বসাতে পুনরায় ইজারার জন্য দেয়া বিজ্ঞপ্তি স্থগিত করলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন । ২৪ ঘণ্টার মধ্যে বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে লিগ্যাল নোটিশ পাঠানোর পরে বৃহস্পতিবার (৬ জুন) হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানিয়েছেন ডিএসসিসির আইনজীবী ব্যারিস্টার মেসবাহুর রহমান শুভ । ফলে এবার আফতাবনগরে কোনো পশুর হাট বসছে না । এদিন বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চকে তিনি এ তথ্য জানান ।
এর আগে বুধবার (৫ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ স্থানীয় সরকার সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও প্রধান সম্পত্তি কর্মকর্তাকে নোটিশ পাঠানো হয় । ২৪ ঘণ্টার মধ্যে ইজারা বিজ্ঞপ্তি প্রত্যাহার করা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার মামলা করা হবে বলেও জানানো হয়েছিল ।
গত ৩ জুন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ আফতাবনগরে পশুর হাট বসানোর ইজারার বিজ্ঞপ্তি স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রাখেন । এছাড়া ৮ মে আফতাব নগরে পশুর হাট বসানোর সিটি করপোরেশনের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট । বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন । আফতাবনগর আবাসিক এলাকা হওয়ায় আদালত এ আদেশ দিয়েছেন । আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক ও অ্যাডভোকেট এস এম শামীম হোসাইন । আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত ।
গত ৪ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা ঈদুল আজহা ২০২৪ উপলক্ষে কুরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি দেয় । পরে এই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করা হয় । আফতাবনগরে গরুর হাট বসানোর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে এ রিট করেন ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী । রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটির প্রধান ভূমি অফিসারসহ নয়জনকে বিবাদী করা হয় ।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) ২০০৯ আইনের ধারা ৩ (২) ও ১ম তফসিল অনুযায়ী, আফতাবনগর (ইস্টার্ন হাউজিং) বাড্ডা থানার ৩৭ নম্বর ওয়ার্ডের অধীন, যা ঢাকা নর্থ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত ।