রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

আজ ঢাকায় আসছেন কাতারের আমির

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি দুই দিনের সফরে আজ সোমবার (২২ এপ্রিল) বাংলাদেশ সফরে আসছেন। কাতারের আমিরের এ সফরে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।

তার সফরে বাণিজ্য ও বিনিয়োগে অগ্রাধিকার পাওয়ার পাশাপাশি ইরান-ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের আবহে বেশ গুরুত্বের সঙ্গে আলোচনা হবে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে।

একটি বিশেষ বিমানে আজ বিকেল ৫টায় কাতারের আমিরের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা। বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে স্বাগত জানাবেন।

কাতারের আমিরের সফর উপলক্ষে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আমিরের ঢাকা সফরের সময়ে ১১টি দলিল সই হওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ)।

চুক্তিগুলো হলো- দ্বৈতকর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগর পথে পরিবহন, বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি ও যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি।

এমওইউয়ের মধ্যে রয়েছে- শ্রমশক্তিবিষয়ক, বন্দর পরিচালনা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ও ক্রীড়া সহযোগিতা এবং কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতা।

আগামীকাল মঙ্গলবার সকালে কাতারের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তারপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমিরের সঙ্গে প্রথমে একান্ত বৈঠক এবং পরে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে কাতারের আমিরের সৌজন্যে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। ওইদিন সন্ধ্যায় বিশেষ বিমানযোগে তিনি ঢাকা ত্যাগ করবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com