শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি : আগামী সপ্তাহে বৃষ্টি বাড়ার সঙ্গে কমবে তাপমাত্রা ।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় অনেক অঞ্চলেই এখন বৃষ্টি নেই । আবার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে । আগামী সপ্তাহ থেকে দেশে আবারো বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ।
আবহাওয়া অফিস বলছে, দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে এখন বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি । মধ্য এবং দক্ষিণাঞ্চলে এই মুহুর্তে বৃষ্টির প্রবণতা সবচেয়ে কম । রবিবার (৭ জুলাই) সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ।
এদিকে গত কয়েকদিন ধরেই বৃষ্টি নেই ঢাকাসহ আশপাশের এলাকায় । ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে ভ্যাপসা গরম । রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, মৌসুমি বায়ু বলয় এখন ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে । এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে । মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি এটি অবস্থান করছে ।
সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী ও অতিভারী বর্ষণ হতে পারে । এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।
এ ছাড়া মঙ্গলবার ও বুধবারের আবহাওয়া মোটামুটি একই রকম থাকতে পারে । পরবর্তী ৫ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে । একই সময়ে তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ।