শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা অসহযোগ আন্দোলনের কর্মসূচি দ্বিতীয় দিন আজ। নিজস্ব প্রতিবেদক॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা অসহযোগ আন্দোলনের কর্মসূচি দ্বিতীয় দিন আজ। এরই মধ্যে গতকাল নতুন কর্মসূচি দিয়েছে আন্দোলনকারীরা। অন্যদিকে দলীয় কর্মসূচি নিয়ে এ দিন মাঠে থাকবেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরাও। এ অবস্থায় সোমবারের কর্মসূচি ঘিরে জনমনে উৎকণ্ঠা ও শঙ্কা দেখা দিয়েছে। অনিশ্চয়তার আরেক সকাল শুরু করলো গোটা দেশবাসী।
এদিকে আনুষ্ঠানিকভাবে সরকার পতনের এক দফা ঘোষণার পর গতকাল রোববার প্রথম দিনেই রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছে গোটা দেশ। গতকালের সহিংসতায় দেশে শিক্ষার্থী, পুলিশ, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষসহ ৯৭ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতির অবনতি হওয়ায় গতকাল সন্ধ্যা ৬টা থেকে সারাদেশে শুরু হয়েছে অনির্দিষ্টকালের কারফিউ।
অন্যদিকে সরকার ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আন্দোলন ঘিরে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগ তুলে তা দমনের কথা বলছে। এরই মধ্যে আগস্ট মাস ঘিরে তাদের কর্মসূচি পালনে সোমবারও নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশনা দিয়েছে দলটি। তাই সোমবারের কর্মসূচি ঘিরে আরও অনেক প্রাণহানি দেখতে হবে কিনা তা নিয়েই উৎকণ্ঠা জনমনে।
এদিকে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনকারীদের কর্মসূচি থেকে জঙ্গি কায়দায় হামলা, সহিংসতা এবং সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন সন্ত্রাসী ঘটনা এবং নৈরাজ্য থামাতে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
বিকেলে ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে লংমার্চ টু ঢাকা কর্মসূচি সোমবার পালন হবে বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। পোস্টে তিনি লেখেন, ‘পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করা হলো। অর্থাৎ আগামীকালই সারা দেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশে যাত্রা করার আহ্বান জানাচ্ছি।’
যারা কারফিউয়ের আইন ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে এবং জিরো টলারেন্স দেখানো হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। রোববার রাত সাড়ে ১০টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ঢাকা মহানগর পুলিশ এখনও পর্যন্ত অত্যন্ত ধৈর্য্য ও সহনশীলতা ও সংবেদনশীলতার পরিচয় দিয়েছি। আমাদের ব্যবস্থাগ্রহণ কোন আন্দোলনকারী ছাত্রের বিরুদ্ধে নয়। আমাদের ব্যবস্থাগ্রহণ নাশকতাকারীদের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে অগ্নিসংযোগকারী, পুলিশ হত্যাকারীর বিরুদ্ধে। তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য হবে। ঢাকাবাসীর প্রতি অনুরোধ কারফিউ চলাকালীন কেউ বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না।