বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
ফাইল ছবি অনলাইন ডেস্ক, একুশের কণ্ঠ:: স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বিগত ১৭ বছরে ধ্বংস হওয়া স্বাস্থ্য খাতকে সরকার আগামী দুই বছরের মধ্যে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিগগিরই উপজেলা পর্যায়ের হাসপাতালগুলো ১৫১ শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত হতে যাচ্ছে। এসব হাসপাতালে ডায়ালাইসিস, আইসিইউ ও ফিজিওথেরাপি ইউনিট যুক্ত থাকবে।
তিনি বলেন, মানসিক রোগীদের শয্যা ও চিকিৎসাসেবা বাড়াতে মানসিকভাবে অসুস্থদের জন্য নতুন হাসপাতাল তৈরির কথা ভাবছে সরকার। মানসিক রোগ প্রতিরোধে কেবল চিকিৎসায় নির্ভর না হয়ে ব্যাপকভাবে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
এছাড়া, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পাবনা মানসিক হাসপাতাল থেকে সব ধরনের বিনোদন কার্যক্রম সরিয়ে ফেলার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকির ওপর হামলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। যারাই এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।