বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: ভালো অবস্থানে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। আগের দিনের ৩ উইকেটে ২১৩ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল স্বাগতিকেরা। কিন্তু ২২১ রানে চতুর্থ উইকেট হারানোর পরই শুরু হয় ব্যাটিং বিপর্যয়। মাত্র ৫৯ রান যোগ করতেই শেষ সাতটি উইকেট হারায় নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ইনিংসে মাত্র ২৭২ রানেই গুটিয়ে যায় তারা।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথম সেশনে মাত্র ৫৯ রানের মধ্যে বাকি থাকা ৭ উইকেট হারিয়েছে বাংলাদেশ। বাঁহাতি স্পিনে ৫৩ রানে ৫ উইকেট নিয়েছেন ওয়ারিকান। টেস্ট ক্যারিয়ারে এটি তার চতুর্থ ৫ উইকেট।
নতুন দিনে শুরুটা ছিল আনন্দময়। দিনের দ্বিতীয় বলেই আগের দিনের অপেক্ষা ঘুচিয়ে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেন সাদমান ইসলাম। তবে এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি বাঁহাতি ওপেনার। অভিষিক্ত বাঁহাতি স্পিনার জশুয়া বিশপের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ২৩৪ বলে ১১ চারে ১০৫ রান করা সাদমান।
এরপর ব্যাটিংয়ে নামেন আগের দিন ৪২ রানে চোট পেয়ে উঠে যাওয়া তাওহিদ হৃদয়। আর এক রানও যোগ করতে পারেননি। বিশপের বলে অহেতুক বড় শট খেলতে গিয়ে বোল্ড হন তিনি।
ষষ্ঠ উইকেটে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ। দুজন মিলে যোগ করেন ৩২ রান। এরপর শুরু জোমেল ওয়ারিকানের জাদু। আর্ম ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন ১৫ রান করা মিরাজ।
সেখান থেকে নামে ধস। সব মিলিয়ে মাত্র ১৯ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। হাসান মাহমুদ ও নাঈম হাসানকে ফেরান শামার জোসেফ। আর পরপর দুই বলে তাইজুল ইসলাম ও শরিফুল ইসলামকে আউট করেন ওয়ারিকান।
৪ চারে ৮৮ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন লিটন। সব মিলিয়ে দ্বিতীয় দিন মাত্র ৫৯ রান যোগ করতে পারে বাংলাদেশ।