রবিবার, ২৮ Jun ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:: মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা পুলিশের সাথে ধস্তাধস্তি করে হাতকড়া নিয়ে পালানোর তিন ঘন্টা পর পুনরায় গ্রেফতার হয়েছেন শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির শেখ।
শনিবার রাতে বীরতারা ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮ টার দিকে বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির শেখের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় শ্রীনগর থানার এসআই রাজ্জাক ও শরিফুল সহ একাধিক পুলিশ সদস্য সেখানে উপস্থিত হয়ে সাব্বির শেখকে ধরে আটক করে তাকে দুটি হাতকড়া পরায়। ওই সময় সেখানে উপস্থিত সাব্বির শেখের পরিবারের সদস্য ও আশে পাশের লোকজনের সাথে পুলিশের ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে তারা হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় সাব্বির শেখকে ছিনিয়ে নেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান সহ পুলিশের অতিরিক্ত র্ফোস। এ ঘটনার প্রায় তিন ঘণ্টা পর সাব্বিরকে পুনরায় পুলিশ গ্রেফতার করে। শ্রীনগর থানা ওসি তদন্ত মিল্টন দত্ত জানায় সাব্বিরের বিরুদ্ধে একটি মামলার ওয়ারেন্ট রয়েছে। তাকে মুন্সিগঞ্জ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।