রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তরুন সমাজ সেবক হিন্দু যুব নেতা তুষার কান্তি গাইন এর বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ আগষ্ট) বেলা ১২টায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট লালমনিরহাট শাখার উদ্যোগে জেলার প্রান কেন্দ্র মিশন মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিদিনই দেশের বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের মাঠ মন্দির প্রতিমা ভাংচুর, হিন্দু বাড়ী ঘরে অগ্নি সংযোগ, লুটপাট দেশত্যাগের হুমকী চলছে। কিন্তু কোন অপরাধীর বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় নাই।
তারা বলেন, হিন্দু মহাজোট একটি অরাজনৈতিক সামাজিক ধর্মীয় সংগঠন। হিন্দু মহাজোট একদিকে যেমন কোন রাজনৈতিক দলের লেজুরবৃত্তি করে না অপরদিকে কোন রাজনৈতিক, সামাজিক ধর্মীয় সংগঠন বা ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধাচারনও করে না। হিন্দু মহাজোট সকল মত ও পথের প্রতি শ্রদ্ধাশীল। অথচ গোপালগঞ্জের কোটালী পাড়ায় ইসকন মন্দিরে হামলা ও রথ যাত্রায় সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতার করতে বিক্ষোভ করায় বিশিষ্ট তরুন সমাজ সেবক ও হিন্দু যুব নেতা তুষার কান্তি গাইনকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।
রামশীল ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি রামানন্দ ঢালী ইসলাম ধর্ম অবমাননার জন্য (কোটালী পাড়া থানার মামলা নং ৩ তারিখ ০২/০৮/১৮) মামলা দায়ের করেছেন। অথচ মামলার বাদী সাক্ষী ও আসামী সবই হিন্দু। আবার ওসি স্ব-প্রণোদিত হয়ে পূর্বে দায়েরকৃত জামায়াতে ইসলামের কর্মীদের গোপন মিটিং ও জামায়াতে ইসলামের কিছু বই উদ্ধার নিয়ে (কোটালীপাড়া থানার মামলা নং ৭ তাং ০৮/২/১৮) একটি মামলায় শোন এ্যরেস্ট দেখিয়েছে।
বক্তারা আরও বলেন, এমন আশ্চর্যজনক অদ্ভুত মামলা এদেশে আর দায়ের হয় নাই। একজন হিন্দুর বিরুদ্ধে একদিকে ইসলাম অবমাননার মামলা, অপরদিকে ইসলামী মৌলবাদীদের সাথে মিটিং। দুটি বিপরীতধর্মী অভিযোগে একজনের বিরুদ্ধে কিভাবে মামলা হয়? কোন সুস্থ মানুষ এরকম মামলা গ্রহণ করতে পারে না। কিন্তু কোটালীপাড়া থানার ওসি সেটাই করে দেখিয়েছে।
বক্তারা তরুন সমাজসেবক তুষার কান্তি গাইনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবী করেন। যেহেতু ঘটনাটি মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার সেজন্য বক্তাগণ মাননীয় প্রধানমন্ত্রীর স্বহৃদয় আশু হস্তক্ষেপ কামনা করেন।
হিন্দু মহাজোট লালমনিরহাট জেলা শাখার সভাপতি বাবু বাদল কৃষ্ণ রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক বাবু সুমন্ত কুমার, লালমনিরহাট সদও উপজেলা হিন্দু মহাজোটের সাধারন সম্পাদক জনার্ন্ধন রায়, আদিতমারী হিন্দু মহাজোটের সভাপতি বাবু নয়ন কুমার, জেলা যুব হিন্দু মহাজোটের সভাপতি বাবু প্রেমানন্দ, কালীগঞ্জ যুব মহাজোটের সভাপতি ভক্তরাজ বাবু, সাধারন সম্পাদক গোবিন্দ চন্দ্র রায়,জেলা ছাত্র হিন্দু মহাজোটের সাধারন সম্পাদক অসীম বাবু প্রমূখ।