শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

লালমনিরহাটে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি।। ‎​লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। ঘাতক ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি মোটরসাইকেলের শোরুমে ঢুকে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

‎শনিবার (১৫ আগস্ট) দুপুরে ঢাকা-বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলার সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

‎​নিহতরা হলেন- ​হাতীবান্ধার বড়খাতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সারডুবি এলাকার বাসিন্দা জহুরুল ইসলাম (৫০), একই উপজেলার সিঙ্গিমারী এলাকার মোহাম্মদ আলীর ছেলে আব্দুল জলিল (৫০)।
‎​
​প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ট ১২-৫৪৮২ নম্বরের একটি দ্রুতগামী ট্রাক হাতীবান্ধার সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বড়খাতা হয়ে আসা একটি যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকটি ধাক্কা দেয়। ‎​ধাক্কা দেওয়ার পর ট্রাকটি অটোরিকশাটিকে ছেঁচড়ে বেশ কিছুদূর নিয়ে যায় এবং সড়কের পাশে থাকা একটি মোটরসাইকেলের শোরুমে গিয়ে ঢুকে পড়ে। এতে অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় এবং শোরুমের ভেতরে থাকা কয়েকটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন।

‎‎এসময় অটোরিকশায় থাকা এক নারীসহ অপর তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।
‎​
‎হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com