বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

রাজবাড়ীতে বজ্রপাতে যুবকের মৃত্যু, কোলের শিশুর রক্ষা

খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি:: রাজবাড়ী সদর উপজেলায় বাড়ির পাশের দোকানে যাওয়ার পথে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে এই দুর্ঘটনা ঘটে। তবে এ সময় সুমনের কোলে থাকা সাড়ে তিন বছরের শিশুকন্যা সাফিয়া অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে।

নিহত সুমন মন্ডল মজ্জৎকোল গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি এর আগে একটি বেসরকারি সংস্থায় (এনজিও) কর্মরত ছিলেন। সম্প্রতি চাকরি ছেড়ে তিনি বাড়িতেই অবস্থান করছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল পৌনে ৭টার দিকে ছোট মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিলেন সুমন। পথিমধ্যে হঠাৎ আকস্মিক বজ্রপাত হলে শিশুটি তার কোল থেকে ছিটকে দূরে পড়ে যায় এবং সুমন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের প্রচণ্ডতায় সুমনের মৃত্যু হলেও তার কোলে থাকা শিশুটি অবিশ্বাস্যভাবে রক্ষা পেয়েছে। পরিবারের সদস্যরা জানান, কোল থেকে ছিটকে পড়ার পর শিশু সাফিয়ার নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে আশঙ্কামুক্ত ও সুস্থ রয়েছে। বাবার মৃত্যুর শোকে মুহ্যমান পরিবারের মাঝে অবুঝ শিশুটির এই বেঁচে যাওয়াকে স্থানীয়রা ‘সৃষ্টিকর্তার অলৌকিক দান’ বলে অভিহিত করছেন।

মিজানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সুমন মন্ডলের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

বুধবার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিহতের মরদেহ দাফন করার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com