শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০১:১২ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধিঃঃ
দৈনিক গ্রামের কাগজের কালীগঞ্জস্থ স্টাফ রিপোর্টার মিঠু শিকদার হৃদরোগে আক্রান্ত হয়েছেন। ৩ মার্চ শনিবার দিনগত রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে নিজ বাড়িতে তিনি অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারী ইউনিটে ভর্তি করা হয়।
সাংবাদিক মিঠু শিকদারের ছেলে বাপ্পি শিকদার জানান, শহর থেকে বাড়ি ফিরে তার নিজের সম্পাদিত অনলাইন নিউজ পোর্টাল স্বদেশ ২৪ ডটকমের কাজ করছিলেন। সে সময় তিনি হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারী ইউনিটে ভর্তি করা হয়।
হাসপাতালের ডাক্তারের উদ্বৃতি দিয়ে বাপ্পি শিকদার আরো জানান, তার পিতার বুকে ব্লক ধরা পড়েছে। তাকে আরো উন্নত চিকিৎসার জন্য ডাক্তাররা ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন। বুকে রিং লাগানোর জন্য তাৎক্ষনিকভাবে ২ থেকে ৩ লাখ টাকার প্রয়োজন। সাংবাদিক মিঠু শিকদারের স্ত্রী মিসেস শিকদার তার স্বামীর জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
মিঠু শিকদারের অসুস্থ্যতার কথা শুনে তাকে দেখতে যান কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাসান জাকির, সাধারণ সম্পাদক নয়ন খন্দকারসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ ও মিঠু শিকদারের শুভাকাঙ্খিরা। তারা মিঠু শিকদারের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।