বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
ভ্রাম্যমাণ প্রতিনিধি:: নবাবগঞ্জ পল্লবি কচি-কাঁচার মেলার উদ্যোগে ও মেলার সদস্য প্রীতম মণ্ডলের আয়োজনে নবাবগঞ্জের মাঝিরকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২২ জন শিক্ষার্থীর জন্মদিন পালন করা হয়েছে।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক উন্নতি সরকার এবং সহকারী শিক্ষক মিনারা বেগম, ফাহমিদা আক্তার, লাবলু আহমেদ, অমলেশ সরকার, সুদীপ্ত চক্রবর্তী ও শ্রাবণী ধর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়া নবাবগঞ্জ পল্লবি কচি-কাঁচার মেলার সংগঠক শুভাশিস গোস্বামী ও কার্যকরী সদস্য আবির হোসেন অনিক উপস্থিত ছিলেন।
নবাবগঞ্জ উপজেলার সহকারি শিক্ষা কর্মকর্তা জনাব আতিকুর রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান নবাবগঞ্জ পল্লবি কচি-কাঁচার মেলার পক্ষ থেকে। অনুষ্ঠানে ২২ জন শিক্ষার্থীর জন্মদিন উপলক্ষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও উপহার এবং আনন্দ-উৎসবের আয়োজন করা হয়। শিক্ষক ও অভিভাবকরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।
সহকারী শিক্ষক লাবলু আহমেদ বলেন, শিশুদের জন্মদিনকে কেন্দ্র করে এমন সুন্দর আয়োজন তাদের মনে আনন্দের পাশাপাশি বিদ্যালয়ের প্রতি ভালোবাসা ও আপনত্ব তৈরি করে। শিশুদের জন্য এমন ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ায় আমরা নবাবগঞ্জ পল্লবি কচি-কাঁচার মেলা, মেলার সংগঠক শুভাশিস গোস্বামী এবং প্রধান শিক্ষক উন্নতি সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।
প্রধান শিক্ষক উন্নতি সরকার বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি তাদের মানসিক বিকাশ ও আনন্দময় শৈশব নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জন্মদিন উপলক্ষে এমন সুন্দর আয়োজন সত্যিই প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে নবাবগঞ্জ পল্লবি কচি-কাঁচার মেলাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
উপস্থিত অভিভাবকরাও এমন উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, শিশুদের নিয়ে এ ধরনের আনন্দঘন আয়োজন তাদের বিদ্যালয়মুখী হতে উৎসাহিত করবে এবং শিক্ষা জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।